মতলব দক্ষিণ প্রতিনিধি : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও বাজার এলাকায় মাদকের বিস্তার রোধে ব্যবসায়ী সমাজের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) বিকেলে আয়োজিত এ সমাবেশে বক্তারা নায়েরগাঁও বাজারকে যে কোনো মূল্যে মাদকমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।
নায়েরগাঁও বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি কাজী শরফুদ্দিন বিল্লাল। বক্তারা বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। তাই মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ব্যবস্থা নিতে হবে।
সমাবেশে বক্তব্য দেন নায়েরগাঁও বাজার ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি মাজহারুল ইসলাম মিঠু তালুকদার, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল আরমান, ব্যবসায়ী আলাউদ্দিন মেম্বার, নুরুল ইসলাম মাস্টার, সমিতির সহ-সভাপতি সেলিম দেওয়ান, সাবেক ছাত্রদল নেতা রাকিব এবং ব্যবসায়ী সিদ্দিক সওদাগরসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, নায়েরগাঁওকে মাদকমুক্ত রাখতে ব্যবসায়ী, যুব ও ছাত্রসমাজ ঐক্যবদ্ধভাবে কাজ করবে। প্রশাসন ও স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে মাদকের বিরুদ্ধে ধারাবাহিক সামাজিক আন্দোলন গড়ে তোলারও ঘোষণা দেন তারা। একই সঙ্গে তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মাদক কারবারিদের জন্য নায়েরগাঁও এলাকায় কোনো স্থান নেই।
সমাবেশে আরও বলা হয়, মাদকমুক্ত সমাজ গঠনে শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগও প্রয়োজন। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা নায়েরগাঁও বাজার এলাকায় একটি মাদকবিরোধী মিছিল বের করেন।
এ সময় উপস্থিত ছিলেন গোলাম মহিউদ্দিন শামীম, তোফায়েল মৃধা, আনিছুর রহমান মিলন, কামাল পাটোয়ারী, ফরিদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

