চাঁদপুরে হরিজন ঐক্য পরিষদের নবগঠিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন

চাঁদপুরে হরিজন ঐক্য পরিষদের নবগঠিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন

উপজেলা সংবাদ চাঁদপুর সদর স্লাইড

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ জেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ, অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

প্রধান অতিথির বক্তব্যে এমপি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, নির্বাচনে হরিজন সম্প্রদায়ের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে তাকে সমর্থন দিয়েছেন, এজন্য তিনি তাদের প্রতি কৃতজ্ঞ। তিনি বলেন, অনুষ্ঠানে উপস্থিতদের কাছ থেকে তাদের কর্মজীবন ও আর্থিক অবস্থার বাস্তব চিত্র শুনে তিনি বিস্মিত হয়েছেন।

তিনি উল্লেখ করেন, দৈনিক ৫০ টাকা হাজিরা ও মাসিক ১ হাজার ৫০০ টাকা বেতনে কর্মরত থাকার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি সঞ্জয় দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম, সিভিল সার্জন ডা. মো. নুর আলম দীন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. মোস্তফা কামাল, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নজরুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ।

এছাড়া বক্তব্য দেন জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ চন্দ্র মালাকার ও সাধারণ সম্পাদক কার্তিক সরকার, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের কেন্দ্রীয় মহাসচিব বিমল ডোম, হেলা পঞ্চায়েত কমিটির সমাজ প্রধান কৈলাশ হরিজন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জীবন বাসফোর এবং জেলা ডোম সমাজ উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক যতন ডোম।

অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা ছাত্রদলের সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ ও অভিষেক পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে হরিজন সম্প্রদায়ের সদস্যদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

উল্লেখ্য, হরিজন সম্প্রদায়ের সামাজিক মর্যাদা, জীবনমান উন্নয়ন এবং অধিকার আদায়ে দীর্ঘদিন ধরে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ কাজ করে যাচ্ছে। জেলার নবগঠিত কমিটির অভিষেকের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *