রাজীব চন্দ্র শীল : কচুয়া উপজেলায় আসন্ন রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি নিয়ে কচুয়া থানা পুলিশের সঙ্গে মতবিনিময় করেছেন বিভিন্ন হিন্দু সংগঠনের নেতৃবৃন্দ। বৈঠকে রথযাত্রার সময় ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টায় কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলামের কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ওসি মো. আজিজুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ফনি ভূষণ তাপু, সহসভাপতি শিবু লাল সাহা, সাধারণ সম্পাদক বিকাশ সাহা, কোষাধ্যক্ষ কার্তিক ঘোষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ পোদ্দার, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি মানিক ভৌমিক, গীতা স্কুল পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতা রাজীব চন্দ্র শীল, কচুয়া ইসকন মন্দিরের অধ্যক্ষ নিমাই হরিদাস ব্রহ্মচারী, কোয়া নামহট্রের সভাপতি নটবর দাস, নন্দলাল সাহা, কচুয়া যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিনয়সহ বিভিন্ন হিন্দু সংগঠনের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় জানানো হয়, এ বছর কচুয়া উপজেলার পাঁচটি স্থানে রথযাত্রা অনুষ্ঠিত হবে। স্থানগুলো হলো— ১নং সাচার ইউনিয়নের শ্রী শ্রী জগন্নাথ ধাম মন্দির, ৪নং মডেল পালাখাল ইউনিয়নের বাচাইয়ার শ্রী শ্রী জগন্নাথ ধাম মন্দির, দোয়াটি শ্রী শ্রী লোকনাথ মন্দির, কচুয়া পৌরসভার ১নং ওয়ার্ডের কান্দারপাড় শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির (ইসকন) এবং ৩নং ওয়ার্ডের কোয়ার নামহট্র মন্দির।
সভায় আরও জানানো হয়, আগামী ১৬ জুলাই দুপুর ৩টা থেকে ৪টার মধ্যে পর্যায়ক্রমে রথযাত্রার কর্মসূচি শুরু হবে।
হিন্দু সংগঠনের নেতারা জানান, প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে রথযাত্রা সম্পন্ন করতে তারা বদ্ধপরিকর। দূর-দূরান্ত থেকে আগত ভক্তদের অংশগ্রহণের বিষয়টি বিবেচনায় রেখে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, রথযাত্রা উপলক্ষে পুলিশ ইতোমধ্যে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং পুরো আয়োজনজুড়ে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সার্বক্ষণিক নজরদারিতে থাকবে।

