বিশ্ব জনসংখ্যা দিবসে মতলব দক্ষিণে আলোচনা ও সম্মাননা

বিশ্ব জনসংখ্যা দিবসে মতলব দক্ষিণে আলোচনা ও সম্মাননা

উপজেলা সংবাদ মতলব দক্ষিণ উপজেলা স্লাইড

আমির খসরু প্রধান : বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম ইশমাম। তিনি জনসংখ্যা ব্যবস্থাপনা, পরিবার পরিকল্পনা কার্যক্রম এবং সচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্টদের সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) দীপ্ত দাসের সভাপতিত্বে এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক সুমন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম রায়হান, মতলব প্রেসক্লাবের আহ্বায়ক আমির খসরু এবং উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহীদুল্লাহ্ প্রধান।

আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে মতলব দক্ষিণ উপজেলার পরিবার পরিকল্পনা পরিদর্শক সুমন সরকার এবং জেলা পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হিসেবে আলেমা সুলতানাকে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

এ ছাড়া উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহীদুল্লাহ্ প্রধানকেও সম্মাননা দেওয়া হয়। একই অনুষ্ঠানে জেলা প্রশাসকের পক্ষ থেকে প্রদত্ত সনদ ও ক্রেস্ট মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম গ্রহণ করেন।

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা কার্যক্রমের অগ্রগতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্টদের অবদানের স্বীকৃতির বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *