কিশোর ইয়াছিন হত্যার ঘটনায় লাশ নিয়ে স্বজনদের বিক্ষোভ

কিশোর ইয়াছিন হত্যার ঘটনায় লাশ নিয়ে স্বজনদের বিক্ষোভ

উপজেলা সংবাদ চাঁদপুর সদর প্রধান সংবাদ

স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের যমুনা রোড এলাকায় ১৪ বছর বয়সী কিশোর ইয়াছিন হত্যার ঘটনায় লাশ নিয়ে বিক্ষোভ করেছেন স্বজন ও স্থানীয় বাসিন্দারা। বুধবার দুপুরে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

নিহত ইয়াছিন ওই এলাকার মো. ইলিয়াছ মিয়ার ছেলে। এ ঘটনায় বুধবার সকালে ইয়াছিনের মা আম্বিয়া বেগম চাঁদপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৭ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ১০–১২ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলায় প্রধান অভিযুক্তের বয়স ১৮ বছর উল্লেখ থাকলেও স্থানীয়রা দাবি করছেন, অভিযুক্ত কিশোর বয়সী এবং ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, গুরুতর আহত অবস্থায় ইয়াছিনকে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে গতকাল দুপুরে তার মৃত্যু হয়।

চাঁদপুর পুলিশ সুপার মো. রবিউল হাসান বলেন, “ঘটনাটি আমরা গুরুত্বসহকারে দেখছি। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

স্থানীয়দের অভিযোগ, মঙ্গলবার সকালে এলাকায় একটি গাছ থেকে জাম পাড়াকে কেন্দ্র করে অভিযুক্ত কিশোরের সঙ্গে আরেকজনের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তাকে মারধর করা হয়। পরে বিষয়টি জানতে ইয়াছিন এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়। অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত কিশোর বাঁশের লাঠি দিয়ে ইয়াছিনের মাথায় একাধিক আঘাত করলে সে গুরুতর আহত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *