জাহাঙ্গীর আলম ভূইয়া : শাহরাস্তিতে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত, পরোয়ানাভুক্ত এবং নিয়মিত মামলার মোট ৬ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩ জুন, ২০২৬) থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নির্দেশনায় বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলার পরোয়ানা ও অভিযোগ ছিল। আটককৃত সবাইকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কঠোর পুলিশি নিরাপত্তায় আদালতে সোপর্দ করা হয়েছে।
অভিযানের অংশ হিসেবে এসআই (নিঃ) মোঃ খায়রুল আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত জিআর-১২০/২৫ (শাহরাস্তি) মামলার আসামি মোঃ নুরুল আলম (৩৫)-কে আটক করেন। তিনি শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত মাস্টার আব্দুল হাইয়ের ছেলে।
একই সময়ে এসআই শফিকুল ইসলাম অভিযান চালিয়ে জিআর-১০১/২৪ মামলার পরোয়ানাভুক্ত আসামি আলমগীর হোসেন ওরফে লতা আলমগীরকে গ্রেফতার করেন। তিনি চিতোষী পূর্ব ইউনিয়নের শিমাইল (বৈরাগী বাড়ি) গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে।
অন্যদিকে এসআই (নিঃ) মিঠুন দাস সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে সিআর-২৪১৩/২১ মামলার পরোয়ানাভুক্ত আসামি হাসানকে আটক করেন। তিনি সূচীপাড়া ইউনিয়নের শোরশাক গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।
একই দিনে নিয়মিত মামলায় আরও তিনজন আসামিকে গ্রেফতার করা হয়। তারা হলেন—চিতোষী পশ্চিম ইউনিয়নের শবিপুর (বড় বাড়ি) গ্রামের নজরুল ইসলামের ছেলে মোঃ সুজন (৪০), মৃত আদম আলীর ছেলে আব্দুল মন্নান (৫০) এবং আব্দুল মন্নানের ছেলে কাইয়ূম (২২)।
শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, অপরাধ দমন, পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানার অভিযান অব্যাহত রয়েছে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না বলে তিনি জানান।
পুলিশ সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে একজন সাজাপ্রাপ্ত, দুজন পরোয়ানাভুক্ত এবং তিনজন নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামি। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

