ইসলামী যুবসেনার নতুন কমিটির শপথ ও সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ইসলামী যুবসেনা চাঁদপুর জেলা শাখার নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আদর্শ, সুন্নিয়াত ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে আয়োজিত এ অনুষ্ঠান শনিবার (৯ মে) সকালে চাঁদপুর শহরের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী যুবসেনা চাঁদপুর জেলা শাখার নবনির্বাচিত সভাপতি যুবনেতা মো. নবাব খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ হুমায়ুন কবির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা আব্দুল হান্নান নিজামী, সাধারণ সম্পাদক মাওলানা নোমান আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মাঈনুদ্দিন। এছাড়াও জেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত ও নাতে রাসুল (দ.) পরিবেশন করা হয়। পরে বাংলাদেশ ইসলামী যুবসেনা কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক সৈয়দ গোলাম কিবরিয়া নবগঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
শপথ গ্রহণকারী নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সাধারণ সম্পাদক শাহজাদা বাদরুদ্দোজা, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ কাজী মানিক ও মুহাম্মদ রিয়াজুল করিম বাসিম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নুরুল আলম মামুন এবং অর্থ সম্পাদক হাফেজ মাহবুব আলম নিশাতসহ অন্যান্য সম্পাদক ও কার্যকরী সদস্যরা।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ হুমায়ুন কবির বলেন, যুবসমাজই আগামী রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের মূল শক্তি। তিনি তরুণদের দেশপ্রেম, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সমাজ সংস্কারে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতির বিরুদ্ধে সচেতন ও ঐক্যবদ্ধ ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে মো. নবাব খান বলেন, সংগঠনের অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করতে তারা বদ্ধপরিকর। চাঁদপুরে সুন্নিয়াত, মানবতা ও সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী যুবসেনা কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক সৈয়দ গোলাম কিবরিয়াকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। একইসঙ্গে সংগঠনের সাবেক দায়িত্বশীল ও সদ্য বিদায়ী সভাপতি মুহাম্মদ বজলুর রশিদ সোহেল, সহ-সভাপতি মোহাম্মদ ফখরুদ্দিন, মুহাম্মদ জহিরুল ইসলাম, আওলাদ মজুমদার, সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন সাকি এবং হাফেজ নাছির উদ্দীন ভূঁইয়াকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

