শাহরাস্তির ওয়ারুকে খাল পুনঃখননস্থল ঘুরে দেখলেন জেলা প্রশাসক
সজল পাল : শাহরাস্তি উপজেলার ওয়ারুক বাজার এলাকায় আসন্ন খাল খনন কর্মসূচির স্থান পরিদর্শন করেছেন আহমেদ জিয়াউর রহমান। আগামী ১৬ মে অনুষ্ঠিতব্য খাল খনন কর্মসূচি ও পথসভাকে সামনে রেখে শনিবার (৯ মে) এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন নাজিয়া হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা এবং মীর মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা।
এ সময় জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, খাল খনন কর্মসূচিকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। কর্মসূচি চলাকালে সাধারণ মানুষের চলাচল, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, ওয়ারুক বাজার এলাকার খাল পুনঃখনন সম্পন্ন হলে জলাবদ্ধতা কমবে এবং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি ঘটবে। এর ফলে স্থানীয় বাসিন্দারা দীর্ঘমেয়াদে উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা খাল খননের নির্ধারিত এলাকা ঘুরে দেখেন এবং কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন। স্থানীয় জনগণের মধ্যেও এ উদ্যোগকে ঘিরে আগ্রহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।
বর্তমানে চাঁদপুরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা নিরসন ও পানি প্রবাহ স্বাভাবিক রাখতে খাল পুনঃখনন কার্যক্রমকে গুরুত্ব দিচ্ছে প্রশাসন। স্থানীয়দের মতে, ওয়ারুক বাজার এলাকার খালটি পুনঃখনন করা হলে বর্ষা মৌসুমে ভোগান্তি অনেকটাই কমে আসবে।

