কচুয়া থানার ওসি আজিজুল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

কচুয়া থানার ওসি আজিজুল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

উপজেলা সংবাদ কচুয়া উপজেলা প্রধান সংবাদ ১

কচুয়া প্রতিনিধি : চাঁদপুর জেলা পুলিশের জুন-২০২৬ মাসের সার্বিক কর্মমূল্যায়নে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ কচুয়া থানার একাধিক কর্মকর্তা পুরস্কৃত হয়েছেন। কর্মদক্ষতা, দায়িত্বশীলতা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ অভিযানে সফলতার ভিত্তিতে চারটি ক্যাটাগরিতে পাঁচজন কর্মকর্তাকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। একই সঙ্গে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম আকাশ জেলার শ্রেষ্ঠ ওসি (বেস্ট ওসি) নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) চাঁদপুর পুলিশ লাইন্সের হলরুমে জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মিজানুর রহমান নির্বাচিত কর্মকর্তাদের হাতে সম্মাননা ও নগদ অর্থ তুলে দেন।

পুলিশ সূত্রে জানা যায়, নির্ধারিত কর্মমূল্যায়নের মানদণ্ডে সর্বোচ্চ দক্ষতার পরিচয় দেওয়ায় কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম আকাশকে জুন-২০২৬ মাসের জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করা হয়।

একই সভায় একটি চাঞ্চল্যকর ও ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন এবং অভিযুক্তদের গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ এসআই (নিঃ) সাজ্জাদ হোসেনকে নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়। একই অভিযানে সহযোগিতার জন্য এসআই (নিঃ) ফ. ম. শাহজাহানও নগদ অর্থ পুরস্কার লাভ করেন।

এদিকে, কর্মদক্ষতা ও পেশাগত সাফল্যের ভিত্তিতে এসআই (নিঃ) নোমান হোসেন জেলার শ্রেষ্ঠ এসআই (বেস্ট এসআই) নির্বাচিত হয়েছেন। তাঁর এ অর্জনের স্বীকৃতিস্বরূপ পুলিশ সুপার তাঁকেও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।

এ ছাড়া ওয়ারেন্ট তামিলে বিশেষ অবদান রাখায় এএসআই (নিঃ) মো. শরিফুল ইসলাম এবং এএসআই (নিঃ) মো. মফিজুল ইসলামকে নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়।

চাঁদপুর জেলা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা, পেশাদারিত্ব, দায়িত্বশীলতা এবং কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্যের স্বীকৃতি হিসেবেই এসব পুরস্কার প্রদান করা হয়েছে। এমন স্বীকৃতি পুলিশ সদস্যদের আরও আন্তরিকতা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *