ফরিদগঞ্জ প্রতিনিধি : ফরিদগঞ্জ উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মালিকানাধীন খালের পাড়ের গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে এক সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে। আনুমানিক ১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির গাছ বিক্রির ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযুক্ত হুমায়ুন কাজী উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান।
বুধবার (২২ জুলাই) চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. নিজাম উদ্দিন মজুমদার বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। এর আগে উপজেলার দক্ষিণ কড়ৈতলী গ্রামের আনন্দ বাজার এলাকার ১৯-বি খালের পাড়ে গাছ কাটার ঘটনাটি ঘটে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৯-বি খালের পাড়ে থাকা রেইন্ট্রি, কড়ইসহ বিভিন্ন প্রজাতির মূল্যবান গাছ সাবেক চেয়ারম্যান হুমায়ুন কাজী ও তাঁর সহযোগীরা বিক্রি করেন। গাছের ক্রেতা স্থানীয় হারুনুর রশিদ জানান, তিনি নগদ অর্থ পরিশোধ করে সাবেক চেয়ারম্যানের কাছ থেকে গাছগুলো কিনেছেন এবং পরে সেগুলো কেটে নিয়েছেন। তবে গাছগুলো সরকারি সম্পত্তি ছিল কি না—এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. নিজাম উদ্দিন মজুমদার বলেন, সরকারি খালের পাড়ে থাকা পাউবোর সম্পদ বেআইনিভাবে বিক্রি করা হয়েছে। সরকারি সম্পদ সংরক্ষণ এবং খালের নিরাপত্তা নিশ্চিত করতে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা করেন তিনি।
অন্যদিকে, সব অভিযোগ অস্বীকার করেছেন সাবেক চেয়ারম্যান হুমায়ুন কাজী। তাঁর দাবি, যে স্থান থেকে গাছ বিক্রি করা হয়েছে সেটি তাঁদের দুই পরিবারের ব্যক্তিমালিকানাধীন জমি। গাছগুলো বহু আগে তাঁর শ্বশুর রোপণ করেছিলেন এবং ব্যক্তিগত মালিকানার গাছই বিক্রি করা হয়েছে, সরকারি কোনো গাছ নয়।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, পানি উন্নয়ন বোর্ডের লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

