ফরিদগঞ্জ প্রতিনিধি : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৪ নম্বর ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দিনব্যাপী বিনামূল্যের মেডিকেল ক্যাম্প সফলভাবে সম্পন্ন হয়েছে। ক্যাম্পে প্রত্যন্ত এলাকার প্রায় ৩০০ অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা, চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১০টায় কালির বাজার কলেজ অডিটোরিয়ামে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ফরিদগঞ্জ হেলথ কেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের পরিচালনায় অনুষ্ঠিত এ কর্মসূচি স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক মো. মাহমুদ হাসানের নেতৃত্বে বাস্তবায়িত হয়।
ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন কুমিল্লা মেডিকেল কলেজের এমবিবিএস চিকিৎসক ডা. মো. সজিব হাওলাদার, যিনি এমসিজিপি-মেডিসিন ও বারডেমের সঙ্গে সম্পৃক্ত। এছাড়া চিকিৎসাসেবা দেন ডা. শংকর চন্দ্র (এমবিবিএস), এমসিজিপি-মেডিসিন, ডিভিএস-ডার্মাটোলজি ও ভেনেরিওলজি, সিসিডি-বারডেম এবং সিএমইউডি-আল্ট্রা প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক।
অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য ও কালির বাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. রুহুল আমিন সেলিম বলেন, মানুষের কল্যাণে কাজ করাই স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের প্রধান লক্ষ্য। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। অর্থের অভাবে কেউ যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সেই উদ্দেশ্যেই এ আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও স্বাস্থ্যসেবা, শিক্ষা, পরিবেশ সংরক্ষণ, মানবিক সহায়তা এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে একটি মানবিক, সচেতন ও মাদকমুক্ত সমাজ গঠনে সংগঠনটি কাজ চালিয়ে যাবে।
অনুষ্ঠান শেষে সংগঠনের সাধারণ সম্পাদক মো. মাহমুদ হাসান চিকিৎসক, অতিথি ও স্বেচ্ছাসেবীদের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, আইন বিষয়ক সম্পাদক হৃদয় খান, সদস্য অনি পাটোয়ারী, সোহেল চৌধুরী এবং সংগঠনের অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবীরা।

