মো: মহসীন মিয়া / আবুল কালাম আজাদ : হাইমচর উপজেলায় বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ কর্মসূচি এবং পল্লী উন্নয়ন সমিতির সদস্যদের মাঝে ঋণের চেক ও বৃক্ষের চারা বিতরণ করা হয়।
সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আবদুছ ছালামের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও অমিত রায় বলেন, গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা এবং পল্লী উন্নয়নের মাধ্যমে জাতীয় প্রবৃদ্ধি অর্জনে সরকার অঙ্গীকারবদ্ধ। পল্লী উন্নয়ন খাতের অবদানকে স্বীকৃতি দেওয়া এবং এ বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন করা হচ্ছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী এবং পল্লী উন্নয়ন সমিতির সভাপতি শফিউল্লাহ সওদাগর। তারা গ্রামীণ উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের বিভিন্ন কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে সমিতির সদস্যদের স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে হাইমচর প্রেসক্লাবের সভাপতি মো. মহসিন মিয়া, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সরদার আবু তাহের, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক বাবুল, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশিদসহ বিভিন্ন ইউনিয়নের পল্লী উন্নয়ন সমিতির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে পরিবেশ সংরক্ষণে সমিতির সদস্যদের মাঝে ২০০টি বৃক্ষের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে পল্লী উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন গ্রাহকের হাতে ঋণের চেক তুলে দেওয়া হয়।

