হাইমচরে স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে ইসলামী আন্দোলনের মতবিনিময়

হাইমচরে স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে ইসলামী আন্দোলনের মতবিনিময়

উপজেলা সংবাদ প্রধান সংবাদ হাইমচর উপজেলা

আবুল কালাম আজাদ : বাংলাদেশ ইসলামী আন্দোলন হাইমচর উপজেলা শাখার উদ্যোগে নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদ নবী-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় হাসপাতালের স্বাস্থ্যসেবা, রোগীদের খাদ্যের মান, অবকাঠামোগত সমস্যা এবং অ্যাম্বুলেন্স সংকটসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

মতবিনিময় শেষে সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। তারা চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন এবং হাসপাতালের সার্বিক সেবার মান সম্পর্কে রোগীদের মতামত শোনেন। পাশাপাশি হাসপাতালের অন্যান্য মেডিকেল অফিসারদের সঙ্গেও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদ নবী বলেন, জরাজীর্ণ ভবনে সাধারণ মানুষকে স্বাস্থ্যসেবা দিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। বৃষ্টির সময় ভবনের বিভিন্ন স্থানে পানি পড়ায় চিকিৎসাসেবা ব্যাহত হয়। তিনি দ্রুত নতুন হাসপাতাল ভবন উদ্বোধনের জন্য প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

আলোচনায় হাসপাতালের অ্যাম্বুলেন্স সংকটের বিষয়টিও উঠে আসে। এ সময় জানানো হয়, হাসপাতালে অ্যাম্বুলেন্স থাকলেও চালক না থাকায় সেটি কার্যকরভাবে ব্যবহার করা যাচ্ছে না। এ সমস্যার দ্রুত সমাধানে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক-এর সঙ্গে আলোচনা করা হবে বলে স্বাস্থ্য কর্মকর্তা জানান।

তিনি আরও বলেন, জনসাধারণের স্বাস্থ্যসেবার ভোগান্তি কমাতে আন্তরিকভাবে কাজ চলছে। সংশ্লিষ্ট সবার সহযোগিতা অব্যাহত থাকলে অল্প সময়ের মধ্যেই হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলোর সমাধান সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাইমচর উপজেলা শাখার সভাপতি ডা. মাওলানা মো. শফিউল্লাহ, সেক্রেটারি মো. ফখরুল আলম শিমুল জমাদার, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ হাইমচর উপজেলা শাখার সভাপতি মো. নুরুল ইসলাম হাওলাদার, সেক্রেটারি কারী হাফেজ মো. মাহমুদুল হাসান এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ হাইমচর উপজেলা শাখার সভাপতি হাফেজ মো. যোবায়ের হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *