মতলব দক্ষিণ প্রতিনিধি : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর একটি পুকুর থেকে নাছির উদ্দিন প্রধান (৬৫) ওরফে আলমাছ প্রধানিয়া নামে এক কৃষকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সোমবার (২৯ জুন) সন্ধ্যায় উপজেলার কাশিমপুর পূরণ গ্রামের প্রধানিয়া বাড়ির পাশের একটি পুকুরে কচুরিপানার ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নাছির উদ্দিন প্রধান নারায়ণপুর ইউনিয়নের পূরণ গ্রামের বাসিন্দা এবং ওসমান আলী প্রধানিয়ার ছেলে। শিক্ষিত হলেও তিনি দীর্ঘদিন ধরে কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন। গত ১৯ জুন ভোরে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। পরদিন ২০ জুন রাতে পরিবারের পক্ষ থেকে মতলব দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
নিহতের ভাতিজা মামুন প্রধানিয়া জানান, দীর্ঘ সময় ধরে আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও নাছির উদ্দিন প্রধানের কোনো সন্ধান পাওয়া যায়নি। সোমবার বিকেলে বিল্লাল হোসেন প্রধানিয়ার ছেলে বাড়ির পাশের পুকুরে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে কচুরিপানার মধ্যে একটি লুঙ্গি দেখতে পান। পরে কাছাকাছি গিয়ে তিনি গলিত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
কাশিমপুর পূরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর চন্দ্র বলেন, নাছির উদ্দিন প্রধান বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের একাধিকবার সদস্য ছিলেন। তিনি এলাকার একজন সজ্জন ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। মঙ্গলবার বাদ আসর তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
মতলব দক্ষিণ থানার ওসি হাফিজুর রহমান মানিক জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

