নিম্নমানের কাজের অভিযোগে গাজী সড়কে নির্মাণ কাজ বন্ধ করলেন স্থানীয়রা

নিম্নমানের কাজের অভিযোগে গাজী সড়কে নির্মাণ কাজ বন্ধ করলেন স্থানীয়রা

উপজেলা সংবাদ চাঁদপুর সদর স্লাইড

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুর শহরের ট্রাকরোড সংলগ্ন গাজী সড়কে রাস্তার ব্লক নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ তুলে চলমান কাজ বন্ধ করে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে কাজ চলাকালে এলাকাবাসী আপত্তি জানিয়ে নির্মাণকাজ স্থগিত করেন। একই সঙ্গে ব্লকের পরিবর্তে আরসিসি ঢালাইয়ের দাবি জানান তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গাজী সড়কের একপাশ চাঁদপুর পৌরসভার ১১ নম্বর ও অপর পাশ ১২ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। ট্রাকরোড থেকে নদীর পাড় পর্যন্ত প্রায় ৩০০ ফুট সড়ক দীর্ঘদিন ধরে কাদা ও জমে থাকা পানির কারণে চলাচলের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছিল।

এলাকাবাসীর দাবি, সাবেক মেয়র জিল্লুর রহমান জুয়েলের দায়িত্বকালে সমস্যার সমাধানে ট্রাকরোড থেকে নদীর পাড় পর্যন্ত সড়কের মাঝ বরাবর একটি ড্রেন নির্মাণ করা হয়। পরে ড্রেনের দুই পাশে খালি অংশে প্রায় ৩০০ মিটার ব্লক বসানোর কাজ কয়েকদিন আগে শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান লাকী এন্টার প্রাইজ।

স্থানীয় বাসিন্দা শুক্কুর গাজী, সুমন গাজী ও সেলিম ঢালী বলেন, বর্তমানে যে ব্লক বসানো হচ্ছে তা টেকসই হবে না। তাদের ভাষ্য, ভারী ট্রাক বা বড় যানবাহন চলাচল করলে ব্লক দেবে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে ভবিষ্যতে দুর্ভোগ আরও বাড়বে। তাই ব্লকের পরিবর্তে আরসিসি ঢালাইয়ের মাধ্যমে সড়ক নির্মাণের দাবি জানান তারা।

এ বিষয়ে লাকী এন্টার প্রাইজের স্বত্বাধিকারী মো. আবুল কালাম আজাদ বলেন, এটি একটি প্রকল্পের আওতাভুক্ত কাজ। প্রকল্পের নকশা ও নির্দেশনা অনুযায়ীই নির্মাণকাজ পরিচালনা করা হচ্ছে।

চাঁদপুর পৌরসভার সহকারী প্রকৌশলী দিলীপ কুমার জানান, স্থানীয়দের কাছ থেকে নিম্নমানের কাজের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি সরেজমিনে তদারকি করা হবে। তদন্তে অনিয়মের প্রমাণ মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *