মতলব উত্তরে রাস্তার পাশে মিলল যুবকের রক্তাক্ত মরদেহ

মতলব উত্তরে রাস্তার পাশে মিলল যুবকের রক্তাক্ত মরদেহ

উপজেলা সংবাদ মতলব উত্তর উপজেলা স্লাইড

মতলব উত্তর প্রতিনিধি  : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শিবপুর গ্রামে রাস্তার পাশ থেকে রবীন্দ্র সরকার (৪৫) নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় তিনি নিহত হয়েছেন। তবে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) সকালে শিবপুর গ্রামের নিজ বাড়ির সামনের বেরিবাঁধের দক্ষিণ পাশে রাস্তার নিচে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহত রবীন্দ্র সরকার ওই গ্রামের হরিপদ সরকারের ছেলে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সোমবার (২৯ জুন) রাতে রবীন্দ্র সরকার বাড়ি থেকে দোকানের উদ্দেশ্যে বের হন। এরপর রাতে কোনো এক সময় রাস্তার পাশ দিয়ে চলাচলের সময় অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় তিনি রাস্তা থেকে নিচে পড়ে যান বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার সকালে রতন বাবু নামে এক পথচারী ওই সড়ক দিয়ে যাওয়ার সময় রাস্তার নিচে রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে তিনি স্থানীয়দের বিষয়টি জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ ভাঙা গাড়ির কাঁচের কিছু অংশ উদ্ধার করেছে। এসব আলামত জব্দ করা হয়েছে, যা সম্ভাব্য সড়ক দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ভাঙা কাঁচের টুকরো এবং অন্যান্য আলামতের ভিত্তিতে প্রাথমিকভাবে এটি অজ্ঞাত যানবাহনের ধাক্কায় সংঘটিত সড়ক দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, নিহতের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ও সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *