স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের বড়স্টেশন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৬ কেজি গাঁজাসহ শামীম মোল্লা (২৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বুধবার (২৪ জুন) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
আটক শামীম মোল্লা গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকার দক্ষিণ ফুকরা গ্রামের বাসিন্দা। তিনি কদম আলী মোল্লার ছেলে।
কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর ২টার দিকে চাঁদপুর শহরের বড়স্টেশন সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করা হলে তার সঙ্গে থাকা লাগেজ ও ব্যাগ থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছেন, তিনি কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে চাঁদপুর হয়ে শরীয়তপুরে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
কোস্ট গার্ড আরও জানায়, জব্দ করা মাদকদ্রব্য এবং আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশে মাদকের বিস্তার রোধ এবং মাদক পাচারকারীদের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

