শাহ মিরান হাসপাতালে সিজার চলাকালে গর্ভবতী নারীর মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ

শাহ মিরান হাসপাতালে সিজার চলাকালে গর্ভবতী নারীর মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ

উপজেলা সংবাদ স্লাইড হাজীগঞ্জ উপজেলা

হাজীগঞ্জ প্রতিনিধি : হাজীগঞ্জ পূর্ব বাজারের শাহ মিরান হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সময় তোবা আক্তার (২৫) নামে এক গর্ভবতী নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১৯ জুন ২০২৬) বিকেলে এ ঘটনা ঘটে। পরিবারের পক্ষ থেকে চিকিৎসকের অবহেলা ও ভুল চিকিৎসাকে মৃত্যুর কারণ হিসেবে দাবি করা হয়েছে।

নিহত তোবা আক্তারের স্বামী পারভেজ ওমান প্রবাসী। তার শ্বশুরবাড়ি হাজীগঞ্জ উপজেলার ১১ নম্বর হাটিলা পশ্চিম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া বেপারী বাড়িতে। তার পিতা লিটন মিজি এবং মা পাখি আক্তার। পিতার বাড়িও একই গ্রামের মিজি বাড়ি এলাকায়।

পরিবারের অভিযোগ, সিজার অপারেশনের সময় চিকিৎসকের চরম অবহেলা ও ভুল চিকিৎসার কারণে তোবার মৃত্যু হয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত সত্য উদঘাটন এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তারা।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজন ও স্থানীয়দের মধ্যে গভীর ক্ষোভ ও উদ্বেগ দেখা দেয়।

খবর পেয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মা, অন্যান্য পুলিশ সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ওসি আবদুল মান্নান জানান, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *