মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

উপজেলা সংবাদ প্রধান সংবাদ মতলব উত্তর উপজেলা মতলব দক্ষিণ উপজেলা

মতলব উত্তর প্রতিনিধি : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অটোরিকশার ধাক্কায় আয়াত (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার সাদুল্ল্যাপুর ইউনিয়নের গাজীর গাছখোলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আয়াত গাজীর গাছখোলা গ্রামের প্রবাসী ওয়াসিম নিলয়ের মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, তার বাবা ওয়াসিম নিলয় বর্তমানে ইউরোপে অবস্থান করছেন।

স্থানীয়দের বরাতে জানা গেছে, সকালে বাড়ির সামনে অভিভাবকের সঙ্গে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল শিশু আয়াত। এ সময় দ্রুতগতিতে আসা একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।

দুর্ঘটনার পরপরই স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটিকে মৃত ঘোষণা করা হয়।

শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। প্রবাসে থাকা বাবা মেয়ের মৃত্যুসংবাদ পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানা গেছে।

এদিকে স্থানীয় বাসিন্দারা এ ধরনের দুর্ঘটনা রোধে গ্রামীণ সড়কে অটোরিকশাসহ সব যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, জনবহুল এলাকায় ট্রাফিক সচেতনতা না বাড়ালে দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়বে।

এ বিষয়ে মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মণ্ডল জানান, ঘটনাটি একটি সড়ক দুর্ঘটনা। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *