স্টাফ রিপোর্টার : সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হুসাইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) বিকেলে শহরের ষোলঘর এলাকায় অ্যাডভোকেট আব্দুল লতিফ শেখের চেম্বারে চাঁদপুর জেলা জাতীয় পার্টির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও দলের জেলা সহ-সভাপতি মাওলানা জাকির হোসেন হিরু। সঞ্চালনা করেন জেলা জাতীয় পার্টির যুববিষয়ক সম্পাদক মো. হান্নান ঢালি।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল লতিফ শেখ। তিনি বলেন, হুসাইন মুহম্মদ এরশাদের শাসনামলে দেশের অবকাঠামো, যোগাযোগ, স্বাস্থ্য ও শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ উন্নয়ন হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, এসব অবদান দেশ ও জাতির কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, জনগণের দাবির প্রতি সম্মান জানিয়ে তৎকালীন সময়ে প্রধান বিচারপতির কাছে রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তরের ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য অধ্যায়। একই সঙ্গে তিনি নেতাকর্মীদের কাছে এরশাদের উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরার এবং দলকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক গোলামুন্নবী লিটন, ইব্রাহিম দেওয়ান স্বপন, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম খান, জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি আলহাজ নান্নু ভূঁইয়া, জেলা জাতীয় পার্টির সহ-সাধারণ সম্পাদক মো. শরীফ পাটোয়ারী, পৌর জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার, দলীয় নেতা লোকমান হোসেন রানা, আরমান হোসেন স্বপন এবং জেলা যুবসংহতির যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম রাজাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা শেষে সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে দলীয় নেতাকর্মীরা অংশ নেন।

