সব অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার আহ্বান এমপি ফরিদ আহমেদ মানিকের

সব অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার আহ্বান এমপি মানিকের

উপজেলা সংবাদ চাঁদপুর সদর স্লাইড

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় সব ধরনের অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। একই সঙ্গে কোনো ব্যক্তি বা নেতাকর্মীকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার নির্দেশ দেন তিনি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ জনসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শেখ ফরিদ আহমেদ মানিক।

সভাপতির বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, দীর্ঘ সময় পর এবার তারা মুক্তভাবে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারছেন। এলাকার বিভিন্ন পুকুর ও জলাশয় পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হবে। এসব জলাশয়ে স্থানীয়রা মাছ চাষ করবেন এবং ৩ সেপ্টেম্বরের মধ্যে মাছ অবমুক্ত করা হবে।

তিনি জানান, চাঁদপুর সদর ও হাইমচরে ৫ সেপ্টেম্বরের মধ্যে ৪ হাজার গাছ রোপণ করা হবে।

শেখ ফরিদ আহমেদ মানিক আরও বলেন, একটি দল সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। কিছু মানুষ সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে মিথ্যা তথ্য দিচ্ছেন। এসব অপশক্তিকে সবাইকে সঙ্গে নিয়ে মোকাবিলা করা হবে।

তবে কোনো ব্যক্তি বা নেতাকর্মীকে আইন নিজের হাতে না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো সমস্যা বা অপরাধের ঘটনা ঘটলে প্রশাসনের সহযোগিতা নিতে হবে।

স্বাস্থ্য ও শিক্ষা খাতে সরকারের বরাদ্দের কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার এই দুই খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছে। চাঁদপুরের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করার চেষ্টা চলছে। তার দাবি, এর আগে কোনো সরকার এ উদ্যোগ নেয়নি।

চাঁদপুরকে মাদকমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, জেলায় মাদক, ইভটিজিং ও চাঁদাবাজির কোনো স্থান থাকবে না। এসব বিষয়ে ব্যবস্থা নিতে প্রশাসনের সহযোগিতা নেওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি ও সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন যৌথভাবে জনসভাটি পরিচালনা করেন।

এতে বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্যা সেলিম, সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, ডি এম শাহাজাহান, অ্যাড. এ টি এম মোস্তফা কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাড. কোহিনূর বেগম, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা মুক্তা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়া, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা মৎসবীজী দলের সভাপতি মোস্তফা কামাল এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমান হোসেন গাজীসহ অনেকে।

জনসভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সদর উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাও. ইসমাইল হোসেন।

এ সময় বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *