জাহাঙ্গীর আলম প্রধান / আমির খসরু : মতলব দক্ষিণে বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। দিনের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ ও জলাশয় কচুরিপানামুক্ত করার কর্মসূচির পর বিশাল র্যালি অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় ম্যাক্সি স্ট্যান্ডে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম প্রহরে সকাল ৭টায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু করেন উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল এবং পৌর বিএনপির সভাপতি মো. শোয়েব আহমেদ সরকার।
এরপর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিশাল র্যালি বের হয়। র্যালিটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় ম্যাক্সি স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক। সভা পরিচালনা করেন মতলব পৌর বিএনপির সভাপতি মো. শোয়েব আহমেদ সরকার।
আলোচনা সভায় বক্তব্য দেন চাঁদপুর জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাডভোকেট মনিরা মনির চৌধুরী। তিনি বলেন, দেশের অখণ্ডতা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি অর্থনীতি, কৃষি, শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়াক্ষেত্রে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। ধর্মীয় ও জাতিগত বিভাজনের ঊর্ধ্বে উঠে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন বলেও উল্লেখ করেন তিনি।
বক্তব্য শেষে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করেন।
সভায় আরও বক্তব্য দেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর এবং মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন প্রধান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিলাল হোসেন মৃধা, সাবেক সভাপতি এমদাদ হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ডা. শোয়েব আহমেদ, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোজাম্মেল হক খোকন, মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, সাবেক আহ্বায়ক মল্লিক মো. শাহজাহান, পৌর যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান সরকার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল হক জহির, উপজেলা শ্রমিক দলের সভাপতি বাবুল ফরাজী, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন বিপ্লব এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবের সিদ্দিকী।
এ ছাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রানা ও সুজন পাটোয়ারীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলা কৃষকদল ও পৌর কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
অন্যদিকে, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসান, সদস্য সচিব রানা প্রধান, পৌর ছাত্রদলের সদস্য সচিব মাসুদ পারভেজ পনির এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবের সিদ্দিকী ও পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রানা ও সুজন পাটোয়ারীর নেতৃত্বে একটি জলাশয় কচুরিপানামুক্ত করা হয়।
দিনব্যাপী এসব কর্মসূচিতে মতলব দক্ষিণ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদল ও কৃষকদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

