নিজস্ব প্রতিবেদক : চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় এবং প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের জন্য তিনদিনব্যাপী ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী সেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টায় চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, সাংবাদিকতার বিশ্বাসযোগ্যতা রক্ষায় এআই ও ফ্যাক্ট চেকিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাচাই করা তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের মাধ্যমে গুজব প্রতিরোধ করা সম্ভব। তিনি সাম্প্রতিক সময়ে চাঁদপুরে লঞ্চডুবির গুজবের প্রসঙ্গ তুলে বলেন, সাংবাদিকদের তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের কারণেই দ্রুত সেই বিভ্রান্তি দূর হয়েছিল।
তিনি আরও বলেন, বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলা এখন বড় চ্যালেঞ্জ। বিভিন্ন আন্তর্জাতিক ঘটনাকে ঘিরেও অসত্য তথ্য ছড়িয়ে পড়ছে। এ পরিস্থিতিতে পেশাদার সাংবাদিকদের দক্ষতা বাড়াতে ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণের বিকল্প নেই। জেলা প্রশাসনের উদ্যোগে ভবিষ্যতে চাঁদপুরের আরও সাংবাদিককে এ বিষয়ে প্রশিক্ষণের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী। তিনি বলেন, প্রেস ক্লাবের উদ্যোগে পিআইবির এ প্রশিক্ষণে ৩৫ জন পেশাদার সাংবাদিক অংশ নিয়েছেন। কর্মশালা আয়োজনের ক্ষেত্রে সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক এবং জেলা প্রশাসনের সহযোগিতার কথা উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে তিনি আরও বলেন, এআই ও ফ্যাক্ট চেকিংভিত্তিক এই প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে জেলার মাঠপর্যায়ের আরও সাংবাদিককে একই ধরনের প্রশিক্ষণের আওতায় আনার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফের সঞ্চালনায় সমাপনী সেশনে প্রশিক্ষণ প্রদান করেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। তিনি ফ্যাক্ট চেকিংয়ের ধারণা, প্রয়োজনীয়তা, ছবি ও ভিডিও যাচাইয়ের কৌশল এবং বাস্তব প্রয়োগ বিষয়ে অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেন।
এ সময় পিআইবির হিসাবরক্ষক মো. মিজানুর রহমান সরকার ও অফিস স্টাফ মো. কফিজুল হক উপস্থিত ছিলেন।
কর্মশালায় চাঁদপুরের বিভিন্ন প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ছিলেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক সোহেল রুশদী, সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি এম এ লতিফ, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি বি এম হান্নান, দৈনিক আমার দেশের প্রতিনিধি গিয়াসউদ্দিন মিলন, দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি মো. শাহাদাৎ হোসেন শান্ত, বাংলা ভিশনের প্রতিনিধি রহিম বাদশা, আরটিভির স্টাফ রিপোর্টার শরীফ চৌধুরী, দৈনিক চাঁদপুর সংবাদের সম্পাদক আবদুর রহমান, যুগান্তরের প্রতিনিধি মির্জা জাকির, চ্যানেল-২৪-এর প্রতিনিধি আল ইমরান শোভন, জিটিভির প্রতিনিধি রিয়াদ ফেরদৌস, প্রথম আলো ও ডেইলি স্টারের প্রতিনিধি আলম পলাশ, সময় টেলিভিশনের প্রতিনিধি ফারুক আহম্মেদ, চ্যানেল আইয়ের প্রতিনিধি মো. মোরশেদ আলম, যমুনা টিভির স্টাফ রিপোর্টার ইব্রাহিম রনি, এনটিভির প্রতিনিধি মো. শরীফুল ইসলাম, একাত্তর টিভির প্রতিবেদক আল আমিন ভূইয়াসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
উল্লেখ্য, গত ২৩ জুলাই চাঁদপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের জন্য তিনদিনব্যাপী ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।

