মাহমুদুর রহমান, ঢাকা থেকে : ঢাকার আগারগাঁওয়ে ভাসানী নভোথিয়েটারে অনুষ্ঠিত সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিআইইআর (BIER) সামিট ২০২৬-এ ড্যাফোডিল কম্পিউটারসের প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৫ জুলাই) অনুষ্ঠিত এ সম্মেলনে তিনি ড্যাফোডিল গ্রুপের প্রযুক্তিনির্ভর উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং সেমিকন্ডাক্টর শিল্পে বাংলাদেশের সক্ষমতা সম্পর্কে অবহিত হন।
প্যাভিলিয়ন পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম (এমপি), আইসিটি উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী ড্যাফোডিলের ডিসিএল হাই-টেক-এর ল্যাপটপ ও আইসিটি হার্ডওয়্যার উৎপাদন কার্যক্রম ঘুরে দেখেন। তিনি প্রতিষ্ঠানের উৎপাদন সক্ষমতার প্রশংসা করে ‘মেড ইন বাংলাদেশ’ পরিচয়ে দেশীয় প্রযুক্তিপণ্যকে আন্তর্জাতিক বাজারে আরও জোরালোভাবে উপস্থাপনের আহ্বান জানান।
এ সময় ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খান প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প এবং প্রযুক্তিনির্ভর বিভিন্ন সমাধান তুলে ধরে বলেন, এসব উদ্যোগ সরকারের উন্নয়ন কার্যক্রম আরও স্বল্প ব্যয়ে ও কার্যকরভাবে বাস্তবায়নে সহায়ক হতে পারে। প্রধানমন্ত্রী এ ধরনের উদ্যোগের প্রতি আগ্রহ প্রকাশ করেন। উপস্থিত মন্ত্রী ও উপদেষ্টারাও বিষয়টির সঙ্গে একমত পোষণ করেন।
আলোচনার একপর্যায়ে ড. মো. সবুর খান প্রধানমন্ত্রীকে ড্যাফোডিল হাই-টেক পার্ক পরিদর্শনের আমন্ত্রণ জানান। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর উন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে এ পার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রধানমন্ত্রী আমন্ত্রণটি ইতিবাচকভাবে গ্রহণ করেন।
একই বৈঠকে দেশের তথ্যপ্রযুক্তি খাতকে আরও গতিশীল করতে ২০০১ সালে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রতিষ্ঠিত আইসিটি টাস্কফোর্স পুনরায় সক্রিয় করার প্রস্তাব উত্থাপন করা হলে প্রধানমন্ত্রী বিষয়টি বিবেচনার আশ্বাস দেন।
সম্মেলনে ড্যাফোডিল গ্রুপ শিক্ষা, গবেষণা, শিল্প ও উদ্ভাবনের সমন্বয়ে গড়ে ওঠা একটি প্রযুক্তিনির্ভর ইকোসিস্টেম উপস্থাপন করে। প্যাভিলিয়নের অন্যতম আকর্ষণ ছিল ডিসিএল হাই-টেক, যেখানে সারফেস মাউন্ট প্রযুক্তি (SMT), প্রিন্টেড সার্কিট বোর্ড (PCB) সংযোজন, পণ্য প্রক্রিয়াজাতকরণ এবং মান নিয়ন্ত্রণের বিভিন্ন ধাপ প্রদর্শন করা হয়।
এছাড়া ড্যাফোডিল রোবোটিক্স-এ রোবোটিক্স, এমবেডেড সিস্টেম, স্বয়ংক্রিয় প্রযুক্তি ও এআইভিত্তিক উদ্ভাবন তুলে ধরা হয়। শিক্ষার্থী ও গবেষকদের তৈরি শিল্প-সহায়ক প্রকল্পও দর্শনার্থীদের সামনে উপস্থাপন করা হয়।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কৃত্রিম বুদ্ধিমত্তা, আইওটি, সাইবার নিরাপত্তা, এক্সটেন্ডেড রিয়েলিটি (XR), ক্যাপস্টোন প্রকল্প, স্টার্টআপ উন্নয়ন এবং যৌথ গবেষণার মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরির বিভিন্ন উদ্যোগ প্রদর্শন করে।
অন্যদিকে ড্যাফোডিল সফটওয়্যার তাদের এআইভিত্তিক সমাধান ‘এআই প্রফেসর’, ‘সেন্ট্রাল এআই’, ‘আইইউএমএস (IUMS)’ এবং ‘ওয়ান কার্ড’ প্রদর্শন করে, যা প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখে।
ড্যাফোডিল কম্পিউটারস জানায়, এ সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে নীতিনির্ধারক, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, শিল্প উদ্যোক্তা, উন্নয়ন সহযোগী, বিনিয়োগকারী এবং আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি গবেষণা, প্রযুক্তি স্থানান্তর, যৌথ উদ্ভাবন এবং শিল্প-একাডেমিয়া অংশীদারিত্বের নতুন সম্ভাবনাও উন্মোচিত হয়েছে।

