ফরিদগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলা-লুট, আহত চার

ফরিদগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলা-লুট, আহত চার

উপজেলা সংবাদ প্রধান সংবাদ ফরিদগঞ্জ উপজেলা

ফরিদগঞ্জ প্রতিনিধি : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নে পৈতৃক সম্পত্তির গাছের ডাল কাটাকে কেন্দ্র করে এক মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, ৩০ থেকে ৪০ জনের সশস্ত্র একটি দল হামলা চালিয়ে নগদ বৈদেশিক মুদ্রা, স্বর্ণালংকার, আইফোন ও গুরুত্বপূর্ণ পাসপোর্ট লুট করে নিয়ে যায়। এ ঘটনায় নারী ও শিশুসহ অন্তত চারজন আহত হয়েছেন। তারা বর্তমানে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি গত ১৮ জুলাই সন্ধ্যায় উপজেলার ৩ নম্বর সুবিদপুর পূর্ব ইউনিয়নের সুবিদপুর হাজী বাড়ি এলাকায় ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ফরিদগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আহতরা হলেন মালয়েশিয়া ফেরত প্রবাসী শামীম খান (২৫), তাঁর স্ত্রী ফারজানা আক্তার (১৮), ভাই নজরুল ইসলাম (৩২) এবং সাত বছর বয়সী ভাগনি সুমাইয়া আক্তার।

মামলার এজাহার ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন মালয়েশিয়ায় থাকার পর সম্প্রতি দেশে ফেরেন শামীম খান। ঘটনার দিন পৈতৃক ভিটায় একটি গাছের ডাল কাটতে গেলে তাঁর চাচাতো ভাই তাজুল ইসলাম আপত্তি জানান। এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। পরে স্থানীয় রাজা মিয়া সেখানে উপস্থিত হলে শামীম বিষয়টিকে পারিবারিক বিরোধ উল্লেখ করে অন্যদের হস্তক্ষেপ না করার অনুরোধ জানান।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এরপর রাজা মিয়ার ছেলে ফজলে রাব্বি শামীমের মা আনোয়ারা বেগমকে ফোন করে ক্ষমা চাইতে চাপ দেন। পরে বিকেলে উভয় পক্ষের মধ্যে আবারও হাতাহাতির ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় সন্ধ্যায় ফজলে রাব্বি, তাঁর ভাই রিহাব ও বাবা রাজা মিয়ার নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি সশস্ত্র দল রামদা ও দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

শামীম খানের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা পরিবারের সদস্যদের মারধরের পাশাপাশি ঘরে ব্যাপক ভাঙচুর চালায়। তিনটি স্টিলের আলমারি, ফ্রিজ, খাট, ওয়ারড্রোব, কেবিনেটসহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়।

তিনি আরও দাবি করেন, হামলার সময় ঘরে থাকা নগদ ৬০ হাজার মালয়েশিয়ান রিংগিত, যার বাংলাদেশি মূল্য প্রায় ১৫ লাখ টাকার বেশি, একটি আইফোন ১৭, আরও ছয়টি স্মার্টফোন, স্বর্ণালংকার এবং মালয়েশিয়ার ভিসাসহ তাঁর মূল পাসপোর্ট নিয়ে যায় হামলাকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *