রাজীব চন্দ্র শীল : কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচারে ১৫৯তম জগন্নাথ পূজা উপলক্ষে প্রথম রথযাত্রা ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির আবহে উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রার সুসজ্জিত রথ টানার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রথযাত্রার সূচনা হয়। হাজারো ভক্ত ও দর্শনার্থীর উপস্থিতিতে পুরো সাচার এলাকা উৎসবে মুখর হয়ে ওঠে।
ভারতীয় উপমহাদেশের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা ও মেলা হিসেবে পরিচিত এই আয়োজনকে ঘিরে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে রথ টানায় অংশ নেন। ধর্মীয় উৎসবের পাশাপাশি সামাজিক সম্প্রীতিরও এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়।
আয়োজকরা জানান, শতবর্ষের ঐতিহ্য বহনকারী এ রথযাত্রাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন এলাকা থেকে ভক্ত ও দর্শনার্থীরা সাচারে সমবেত হয়েছেন। দিনব্যাপী পূজা-অর্চনা, প্রার্থনা, প্রসাদ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালিত হয়।
রথযাত্রা উপলক্ষে সাচার এলাকায় মাসব্যাপী ঐতিহ্যবাহী মেলার আয়োজন করা হয়েছে। মেলায় হস্তশিল্প, খেলনা, মিষ্টান্ন এবং বিভিন্ন গ্রামীণ পণ্যের অসংখ্য দোকান বসেছে। সন্ধ্যার পর মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের উপস্থিতি আরও বৃদ্ধি পায়, যা উৎসবের আমেজকে বহুগুণ বাড়িয়ে তোলে।
উৎসব পরিদর্শনে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের ভাষ্য, এই রথযাত্রা কেবল সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় আয়োজন নয়; এটি সব সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের এক অনন্য মিলনমেলায় পরিণত হয়েছে।

