জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

উপজেলা সংবাদ চাঁদপুর সদর স্লাইড

খেলাধুলার প্রসারেই মাদকের বিস্তার কমানো সম্ভব : এমপি শেখ ফরিদ মানিক

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরে মাদক নির্মূলে সমন্বিত উদ্যোগ গ্রহণের ঘোষণা দিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বলেছেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের পৃথক তালিকা তৈরি করে কঠোর অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে পুনর্বাসনমূলক কার্যক্রমের মাধ্যমে সমাজ থেকে মাদক নির্মূলের লক্ষ্যে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।

রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চাঁদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে জেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, চাঁদপুর আউটার স্টেডিয়ামসহ জেলার প্রতিটি উপজেলার খেলার মাঠ খেলাধুলার উপযোগী করে তুলতে হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তাঁর মতে, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা গেলে সমাজে মাদকের বিস্তার কমানো সম্ভব হবে।

তিনি নবনিযুক্ত পুলিশ সুপারকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, প্রশাসন ও সাধারণ মানুষের সমন্বিত সহযোগিতায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।

সভায় বন্যা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। সংসদ সদস্য বলেন, দেশের বিভিন্ন এলাকায় বন্যার প্রভাব দেখা দেওয়ায় চাঁদপুরেও সতর্ক থাকতে হবে। কোথাও যাতে পানি দীর্ঘসময় জমে না থাকে, সে জন্য প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তিনি জানান, বন্যা মোকাবিলায় ইতোমধ্যে ১০০ টন চাল ও ৫ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে এবং তা প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

চাঁদপুর শহরের যানজট নিরসনে সড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ, লাইসেন্সবিহীন সিএনজি ও অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থা এবং রেলওয়ে প্ল্যাটফর্মের অবৈধ দোকান সরিয়ে যাত্রী চলাচল স্বাভাবিক করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি পুলিশ বক্সের পেছনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সেখানে সিএনজি রাখার ব্যবস্থা করার কথাও বলেন।

তিনি আরও বলেন, জেলার অলিগলিতে ট্রাক্টর চলাচল বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিবন্ধন ও লাইসেন্সবিহীন ট্রাক্টরের বিরুদ্ধে প্রয়োজন হলে মোবাইল কোর্ট পরিচালনা করে জব্দের নির্দেশনা দেওয়া হবে।

মাদক নিয়ন্ত্রণে বিশেষ পরিকল্পনার কথা তুলে ধরে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, জেলার মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের তালিকা প্রস্তুত করা হবে। পাইলট প্রকল্প হিসেবে দুটি মাদরাসায় পৃথক দুটি কক্ষে মাদকাসক্তদের তত্ত্বাবধানে রাখা হবে। সেখানে তারা নামাজ আদায় করবে, খাবারের ব্যবস্থা থাকবে এবং মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা হবে। ম্যাজিস্ট্রেট, পুলিশ, চিকিৎসক ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ কার্যক্রম নিয়মিত তদারকি করবেন। এ উদ্যোগে প্রয়োজনীয় আর্থিক ও অন্যান্য সহযোগিতা দেওয়ার আশ্বাসও দেন তিনি।

আসন্ন রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের এ ধর্মীয় উৎসবকে ঘিরে নিষিদ্ধ ঘোষিত একটি দল অপপ্রচার চালানোর চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, চাঁদপুরে কোনো ধরনের বিশৃঙ্খলা বা মব সৃষ্টি করতে দেওয়া হবে না।

সভায় বক্তব্য দেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. এ কে এম সলিম উল্যাহ সেলিম, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর জজ কোর্টের পিপি অ্যাড. কোহিনূর বেগম, চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সিনিয়র সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খীসা, জেলা সমাজসেবা কর্মকর্তা মো. নজরুল ইসলাম এবং মুফতি সিরাজুল ইসলামসহ অন্যান্যরা।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. এন. জামিউল হিকমা, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মনিরা বেগম চৌধুরী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *