শাহরাস্তিতে নারী নির্যাতন মামলার আসামিসহ তিনজন গ্রেপ্তার

শাহরাস্তিতে নারী নির্যাতন মামলার আসামিসহ তিনজন গ্রেপ্তার

উপজেলা সংবাদ প্রধান সংবাদ শাহরাস্তি উপজেলা

সজল পাল : শাহরাস্তি উপজেলায় পৃথক অভিযানে নারী ও শিশু নির্যাতন মামলার এক এজাহারভুক্ত আসামিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ। একই সঙ্গে মাদকবিরোধী অভিযানে উদ্ধার করা হয়েছে ৮৪ পিস ইয়াবা ট্যাবলেট। গ্রেপ্তার তিনজনকেই আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় ১৯ জুলাই রাতে এসআই (নিঃ) মো. আব্দুল কুদ্দুস সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১১(গ)/৩০ ধারায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল করিম প্রকাশ শাওন (৩০)-কে গ্রেপ্তার করা হয়। তিনি শাহরাস্তি উপজেলার বেট্টলা (তমিজ উদ্দিন হাজী বাড়ী) এলাকার বাসিন্দা।

অন্যদিকে, ২০ জুলাই ভোরে ওসি মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. শরীফুল ইসলাম এবং এএসআই (নিঃ) এরশাদ মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল শাহরাস্তি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নিজ মেহের এলাকার তালতলা মোড়ে লামিয়া স্টোরের সামনে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে মো. রাসেল (২৬) ও মো. জসিম উদ্দিন (৩২)-কে ৮৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় শাহরাস্তি মডেল থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তিন আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শাহরাস্তি মডেল থানা পুলিশের ভাষ্য, মাদক নির্মূল, অপরাধ দমন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *