সজল পাল : শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরকী যুব সমাজের উদ্যোগে মাদক, ইভটিজিং ও সামাজিক অপরাধবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বেরকী গ্রামের আমতলী বাজারসংলগ্ন মাঠে এ সমাবেশ হয়।
সমাবেশে এলাকার যুবসমাজ, স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক, সৌদি আরব প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও শাহরাস্তি উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক ফখরুল ইসলাম বিলাস। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ফখরুল ইসলাম বিলাস বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। মাদকবিরোধী সামাজিক আন্দোলনে এলাকার সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রধান মেহমানের বক্তব্যে ওসি মীর মাহবুবুর রহমান বলেন, মাদক ও ইভটিজিং প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন। তরুণদের বিপথগামী হওয়া ঠেকাতে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও যুবসমাজকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সমাবেশে বক্তারা মাদক ও ইভটিজিংয়ের ক্ষতিকর দিক তুলে ধরে তরুণ প্রজন্মকে এসব সামাজিক ব্যাধি থেকে দূরে রাখার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে এলাকায় মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হেমায়েতুল ইসলাম সুমন, ইউনিয়ন যুবদলের সভাপতি মাহবুব আলম, ভোলদিঘী কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া ও মাহবুব আলম পরান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম দিদার, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিব ইব্রাহিম, বিএনপি নেতা আরব আলী মানিক, জসিম উদ্দিন চৌধুরী, মঞ্জুর হোসেন রতন, সাইফুল ইসলাম চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমাবেশ শেষে মাদক ও ইভটিজিংমুক্ত সমাজ গড়তে যুবসমাজসহ উপস্থিত সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

