স্টাফ রিপোর্টার : প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর করতে চাঁদপুর সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) সভাপতিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) চাঁদপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক স্পষ্টভাবে জানান, শিক্ষক বদলির বিষয়ে তিনি কোনো ধরনের সুপারিশ করবেন না। তিনি বলেন, বিভিন্ন সময়ে শিক্ষকরা বদলিসহ নানা বিষয়ে তার কাছে এলেও শুরু থেকেই তিনি এ বিষয়ে নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছেন।
তিনি বলেন, সরকারি চাকরিতে যোগদানের সময় শিক্ষকরা নির্দিষ্ট শর্তে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন। তাই সরকার যেখানে দায়িত্ব প্রদান করবে, সেখানে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করাই তাদের দায়িত্ব। বদলি হওয়া উচিত যোগ্যতা, কর্মদক্ষতা ও মেধার ভিত্তিতে—কোনো ব্যক্তিগত সুপারিশের মাধ্যমে নয়।
এমপি মানিক আরও বলেন, সাধারণ মানুষের কল্যাণে সময় ব্যয় করাই তার অগ্রাধিকার। ফলে শিক্ষক বদলির বিষয়ে ঘনিষ্ঠ কেউ অনুরোধ করলেও তিনি কোনো সুপারিশে সম্পৃক্ত হন না। ইতোমধ্যে যেসব বদলি হয়েছে, সেগুলোও সংশ্লিষ্টদের যোগ্যতা ও কর্মদক্ষতার ভিত্তিতেই হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি দাবি করেন, শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব কিংবা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে তিনি কখনো কোনো শিক্ষক বদলির জন্য সুপারিশ করেননি।
শিক্ষাখাতে সরকারের বরাদ্দ প্রসঙ্গে তিনি বলেন, চলতি বছরে সরকার শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে। এই বরাদ্দের সুফল শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে হবে। কারণ একটি জাতির উন্নয়নের ভিত্তি হলো শিক্ষা, আর সেই ভিত্তি গড়ে ওঠে প্রাথমিক শিক্ষা থেকে। তাই শিক্ষকদের শিক্ষার্থীদের নিজেদের সন্তানের মতো আন্তরিকতার সঙ্গে পাঠদান করার আহ্বান জানান তিনি।
বিদ্যালয় পরিচালনায় সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করে এমপি মানিক বলেন, কোথাও কোথাও প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকের মধ্যে সমন্বয়ের অভাব এবং রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে বিরূপ পরিবেশের অভিযোগ পাওয়া যায়। তবে শিক্ষা ও শিক্ষার্থীদের স্বার্থের প্রশ্নে কোনো ধরনের আপসের সুযোগ নেই। তিনি বিদ্যালয় পরিচালনা কমিটিতে শিক্ষিত, অবসরপ্রাপ্ত শিক্ষক ও সমাজের সম্মানিত ব্যক্তিদের সম্পৃক্ত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির ঘটনা ঘটলে প্রধান শিক্ষকরা যেন সরাসরি তার সঙ্গে যোগাযোগ করেন। একই সঙ্গে বিদ্যালয়কে পরিচ্ছন্ন, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশে গড়ে তোলার আহ্বান জানান তিনি। শুধু পরিচ্ছন্নতাকর্মীর ওপর নির্ভর না করে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্যদের সম্মিলিতভাবে এ দায়িত্ব পালনের পরামর্শ দেন।
এমপি মানিক বলেন, শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিশ্চিত করতে পাঠদানের পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সহশিক্ষা কার্যক্রমের ওপর সমান গুরুত্ব দিতে হবে। এসব কার্যক্রম শিক্ষার্থীদের সৃজনশীলতা, মানসিক বিকাশ এবং পাঠে আগ্রহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.এন. জামিউল হিকমার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু সাইদ।
চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফয়েজ আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল হাসান ফয়সাল, উপজেলা এলজিইডির প্রকৌশলী রাহাত আমিন পাটোয়ারী এবং পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি।
মতবিনিময় সভায় চাঁদপুর সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। সভায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং শিক্ষা কার্যক্রমকে আরও কার্যকর করার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

