শাহরাস্তিতে অটোরিকশার চাপায় প্রাণ গেল স্কুলছাত্রীর

শাহরাস্তিতে অটোরিকশার চাপায় প্রাণ গেল স্কুলছাত্রীর

উপজেলা সংবাদ শাহরাস্তি উপজেলা স্লাইড

জাহাঙ্গীর আলম ভূইয়া : শাহরাস্তি উপজেলার চিতোষী বাজারে নিয়ন্ত্রণহীন একটি অটোরিকশার চাপায় হাফসা আক্তার (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (১৯ জুলাই) বিকেল আনুমানিক ৩টার দিকে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় গুরুতর আহত হাফসাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় নেওয়ার পথে মৃত্যু হয়। নিহত হাফসা উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের চাঁন্দল গ্রামের মো. হামিদের মেয়ে এবং চিতোষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় হাফসা তার বাবার দোকানে অবস্থান করছিল। এ সময় বাজারে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশার চালক গাড়ির চাবি রেখেই বাইরে চলে যান। অভিযোগ রয়েছে, অটোরিকশায় থাকা এক যাত্রীর সঙ্গে আসা একটি শিশু খেলতে গিয়ে গাড়ির পিকআপ চাপ দিলে সেটি হঠাৎ সামনের দিকে ছুটে যায়।

নিয়ন্ত্রণ হারানো অটোরিকশাটি সরাসরি হামিদের দোকানের ভেতরে ঢুকে পড়লে হাফসা চাপা পড়ে গুরুতর আহত হয়। স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা দ্রুত তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় নেওয়া হলেও হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর অটোরিকশার চালক গাড়িটি ঘটনাস্থলে রেখে পালিয়ে যান বলে জানিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় চিতোষী বাজারে কিছু সময়ের জন্য শোকাবহ ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় করেন।

স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর অভিযোগ, চালকের চরম দায়িত্বহীনতা ও অসতর্কতার কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। তারা দ্রুত পলাতক চালককে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এদিকে পরিবারের বড় মেয়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে স্বজনদের মধ্যে। তাদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। চিতোষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী এবং স্থানীয় বাসিন্দারাও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *