রামিসা হত্যার প্রতিবাদে মহাময়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

রামিসা হত্যার প্রতিবাদে মহাময়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

উপজেলা সংবাদ চাঁদপুর সদর স্লাইড

স্টাফ রিপোর্টার : রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে চাঁদপুর সদর উপজেলার মহাময়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

একই সঙ্গে সারাদেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান অংশগ্রহণকারীরা।

সোমবার (২৫ মে) বিকেলে মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়।

পরে মিছিলটি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে মহামায়া পশ্চিম বাজার হয়ে মধ্য বাজার এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে সড়কের পাশে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মহামায়া সম্মিলিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার ১১টি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে সংহতি প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন মহামায়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থার সভাপতি হাবিবুর রহমান, তারুণ্যের আলো সামাজিক ক্রীড়া ঐক্য সংগঠনের সভাপতি আব্দুল কাদির, মান্দারী ছাত্র-যুব প্রবাসী সমাজকল্যাণ সংস্থার কোষাধ্যক্ষ ইমরুল কায়েস, লোধেরগাঁও আল ইসলাহ যুব সংগঠনের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন ফাহিম, ইসলাহুল উম্মাহ সংগঠনের কোষাধ্যক্ষ মাওলানা মো. শিব্বির আহমেদ ত্বোহা, গাজী স্পোটিং ক্লাবের সভাপতি নূর আলম গাজী, মানবতার ডাক ফাউন্ডেশনের অর্থ বিষয়ক সম্পাদক আনোয়ার মজুমদার এবং সমাজ সেবা যুব সংঘের সহ-সভাপতি সালমান হোসেন রাসেলসহ অন্যরা।

বক্তারা বলেন, দেশে ধারাবাহিকভাবে শিশু ধর্ষণ, নারী নির্যাতন ও হত্যার ঘটনা জনমনে উদ্বেগ সৃষ্টি করছে। অনেক ক্ষেত্রে বিচার প্রক্রিয়া দীর্ঘ হওয়ায় অপরাধীরা শাস্তি এড়িয়ে যাচ্ছে, যা নতুন অপরাধকে উৎসাহিত করছে বলেও মন্তব্য করেন তারা।

তারা আরও বলেন, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে দ্রুত তদন্ত ও বিচার সম্পন্ন করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করার দাবি জানান বক্তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা শিশু রামিসা হত্যার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান। পাশাপাশি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বানও জানানো হয়।

এ সময় শাহমাহমুদপুর ইউপি সদস্য কবির হোসেন রনি, সমাজসেবক মিজানুর রহমান পাটওয়ারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে মহামায়া ক্রীড়া চক্র, চৌরাস্তা স্বপ্নময় সামাজিক সংগঠন ও আল আনসার যুব সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *