মাদকের বিরুদ্ধে নারীদেরও কার্যকর ভূমিকা রাখতে হবে : এমপি রাশেদা বেগম হীরা

Uncategorized প্রধান সংবাদ

মাদকের বিরুদ্ধে নারীদেরও কার্যকর ভূমিকা রাখতে হবে : এমপি রাশেদা বেগম হীরা

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুর সদর উপজেলার ৬ নম্বর মৈশাদী ইউনিয়নে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি ও তরুণদের মাদক থেকে দূরে রাখতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় মৈশাদী বাজারে চাঁদপুর মডেল থানার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুরের কৃতিসন্তান সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আলহাজ্ব রাশেদা বেগম হীরা বলেন, তরুণদের মাদক থেকে দূরে থাকতে হবে। একটি পরিবারে একজন সদস্য মাদকে আসক্ত হলেও পুরো পরিবার ক্ষতিগ্রস্ত হয়। মাদক একটি ভয়ানক ব্যাধি।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে নারীদেরও কার্যকর ভূমিকা রাখতে হবে। পুরুষের পাশাপাশি নারীদেরও মাদক নির্মূলে কাজ করতে হবে। মাদক শুধু একজন মানুষের জীবন ধ্বংস করে না, একটি পরিবারকে বিপর্যস্ত করার পাশাপাশি পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়।

রাশেদা বেগম হীরা আরও বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তরুণ সমাজকে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং ইতিবাচক সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে।

চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফয়েজ আহমেদের সভাপতিত্বে এবং মৈশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাহাবুবুর রহমান স্বপনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও মৈশাদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক, চাঁদপুর জেলা বিএনপির সদস্য খান আব্দুর ছাত্তার, চাঁদপুর জেলা কৃষক দলের সভাপতি মুহাম্মদ এনায়েত উল্লাহ খোকন, মৈশাদী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মো. খায়রুল বাসার, মৈশাদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, হামানকর্দ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, মৈশাদী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. মাহবুবুল আলম খান বাবলু ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল মজুমদার।

এ ছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তাফাজ্জল বেপারী ও রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুবেল বেফারী ও মফিজুল রহমান খান মুকুল, যুব দলের সাবেক সভাপতি বাবুল মৃধা কালু, যুবদলের সদস্য সচিব জিএম শাহীন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. ফয়সাল খানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

কর্মসূচিতে বিভিন্ন মসজিদের ইমাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইউপি সদস্যরাও উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সমাজের প্রতিটি স্তর থেকে মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখতে হবে।

বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সমাবেশ শেষে একটি মাদকবিরোধী র‍্যালি বের করা হয়। র‍্যালিটি মৈশাদী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, মসজিদের ইমাম ও ইউপি সদস্যরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *