মতলবে ৫৭ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে কেএফটি কলেজিয়েট স্কুলের সংবর্ধনা

মতলবে ৫৭ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে কেএফটি কলেজিয়েট স্কুলের সংবর্ধনা

উপজেলা সংবাদ প্রধান সংবাদ মতলব দক্ষিণ উপজেলা

জাহাঙ্গীর আলম প্রধান : মতলব দক্ষিণ উপজেলা সদরের কেএফটি কলেজিয়েট স্কুলে অধ্যয়নরত পঞ্চম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত ৫৭ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) দুপুরে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাদের সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইশমাম। অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা জীবনে আরও ভালো ফলাফল অর্জনের আহ্বান জানান।

কলেজের অধ্যক্ষ ও সাবেক সচিব জাকির হোসেন কামাল-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন শিক্ষার্থী আতিফ ইরহাম ও রোজা আহমেদ। স্বাগত বক্তব্য দেন কলেজের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাস।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদ হোসেন খান, মতলবগঞ্জ জে বি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.জাবেদ হোসেন, মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম এবং অভিভাবক প্রতিনিধি আবদুল হান্নান অপু।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে ৩৮ জন এবং সাধারণ গ্রেডে ১৯ জনসহ মোট ৫৭ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী বর্তমানে কেএফটি কলেজিয়েট স্কুলের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়ন করছে। তাদের এই কৃতিত্বের স্বীকৃতি দিতেই সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে অতিথিরা কলেজ ভবনের চতুর্থ তলায় মরহুম স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষাবিদ ওয়ালিউল্লাহ পাটোয়ারী-এর নামে প্রতিষ্ঠিত লাইব্রেরির ফলক উন্মোচন করেন। পরে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *