ফরিদগঞ্জে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ

ফরিদগঞ্জে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ

উপজেলা সংবাদ প্রধান সংবাদ ফরিদগঞ্জ উপজেলা

শাখাওয়াত হোসেন মিন্টু : মাদকবিরোধী সচেতনতা বাড়ানো এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে চাঁদপুরের ফরিদগঞ্জে মাদকবিরোধী সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের রামপুর খানকায়ে ছালেহীয়া দীনিয়া মাদ্রাসা মাঠে পল্লীবন্ধু সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।

‘মাদক থেকে দূরে থাকি, সুস্থ সমাজ গড়ি’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী খোরশেদ আলম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল আমিন হোসাইন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাউসার আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক সায়েদ পাটওয়ারী, পুরান রামপুর মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা জালিশ মাহমুদ, খালেদ হোসেন, ইউপি সদস্য অ্যাডভোকেট মাসুদ গাজী ও বড় মিয়া জামে মসজিদের খতিব মাওলানা নাছির প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, তরুণদের মাদক থেকে দূরে রাখতে কেবল আইন প্রয়োগই যথেষ্ট নয়। এ ক্ষেত্রে পরিবার ও সমাজের প্রত্যেক সদস্যকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তারা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন।

বক্তারা আরও বলেন, কোনো ব্যক্তি, সংগঠন বা প্রশাসনের একার পক্ষে পুরোপুরি মাদক নির্মূল করা সম্ভব নয়। এ জন্য প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে সবাইকে সক্রিয় হওয়ার আহ্বান জানান তারা।

সমাবেশ শেষে মাদকবিরোধী একটি র‌্যালি বের করা হয়। এতে আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‌্যালিটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *