ফরিদগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

উপজেলা সংবাদ প্রধান সংবাদ ফরিদগঞ্জ উপজেলা

ফরিদগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

ফরিদগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিএনপির নামে কোনো কর্মসূচি আয়োজন করা হলে তা প্রতিহত করার আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ফরিদগঞ্জে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, ধানের শীষের বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়া এবং দল থেকে বহিষ্কৃত নেতাদের নিয়ে বিএনপির নামে কোনো কর্মসূচি আয়োজন করা হলে তা দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে বিবেচিত হবে। এ ধরনের কর্মকাণ্ডের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তারা।

সভায় বক্তারা আরও বলেন, শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ফরিদগঞ্জে তথাকথিত বিএনপির ব্যানারে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে ধানের শীষের বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়া এবং বিএনপি থেকে বহিষ্কৃত কয়েকজন নেতা অংশ নেন। তাদের অংশগ্রহণকে দলের মধ্যে বিভ্রান্তি ও বিভাজন সৃষ্টির অপচেষ্টা হিসেবে উল্লেখ করেন বক্তারা।

তারা বলেন, ফরিদগঞ্জে একটি ঐক্যবদ্ধ বিএনপি গড়ে তুলতে সবাইকে দলীয় সিদ্ধান্তের প্রতি আস্থাশীল থাকতে হবে। যারা দলের বাইরে থেকে বিভ্রান্তি সৃষ্টি করছেন, তাদের সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে বিএনপিকে শক্তিশালী করার আহ্বান জানান তারা।

বক্তারা জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হবে। এসব কর্মসূচি সফল করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম এম টুটুল পাটওয়ারীর পরিচালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান টিপু, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক পাটওয়ারী, মহসীন মোল্লা, উপজেলা বিএনপি নেতা বাছির আহামেদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *