মো: মহিউদ্দিন : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন Setu Kumar Barua, যিনি স্থানীয় পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও কার্যকর ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রাম আদালতের ফরিদগঞ্জ উপজেলা সমন্বয়কারী মোসা. আমিনা খাতুন। কর্মশালাটি সঞ্চালনা করেন হাইমচর উপজেলা সমন্বয়কারী মো. জাকিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Mohammad Helal Uddin, সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুদা আক্তার এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর মাধ্যম হিসেবে কাজ করছে। এ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সরকারি-বেসরকারি সংস্থা, জনপ্রতিনিধি, এনজিও, সাংবাদিক ও সুশীল সমাজের সমন্বিত ভূমিকা প্রয়োজন বলে তারা মত দেন।
কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

