ফরিদগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই নির্মাণকাজের অভিযোগ

ফরিদগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই নির্মাণকাজের অভিযোগ

ফরিদগঞ্জ উপজেলা স্লাইড

ফরিদগঞ্জ প্রতিনিধি : ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের মদনেরগাঁও গ্রামে বিরোধপূর্ণ একটি জমি দখল এবং আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।

অভিযোগকারী পরিমল চক্রবর্তী জানান, মদনেরগাঁও মৌজার বিএস ৩৭১ নম্বর খতিয়ানভুক্ত ২৬৮৬ নম্বর দাগে মোট ১৫ শতক জমি রয়েছে। এর মধ্যে প্রায় ১০ শতক জমি দীর্ঘদিন ধরে আরিফ পাটওয়ারী ও তার সহযোগীরা জোরপূর্বক দখলে রেখেছেন বলে তিনি দাবি করেন। তিনি আরও অভিযোগ করেন, জমি সংক্রান্ত মামলা আদালতে চলমান থাকা সত্ত্বেও আদালতের নির্দেশনা উপেক্ষা করে সেখানে ভবন নির্মাণকাজ অব্যাহত রাখা হয়েছে।

পরিমল চক্রবর্তীর ভাষ্য, জমিটি তাদের পৈতৃক সম্পত্তি। দীর্ঘদিন ধরে দখলমুক্ত করার জন্য তিনি সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়ে এলেও কোনো ইতিবাচক সাড়া পাননি। বরং আদালতের নিষেধাজ্ঞার পরও নির্মাণকাজ চালিয়ে যাওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। বিষয়টির সুষ্ঠু তদন্ত এবং জমির দখল পুনরুদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, জমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। স্থানীয় বাসিন্দা মনির পাটওয়ারীসহ নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, উভয় পক্ষই জমির মালিকানা দাবি করছে। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিরোধের স্থায়ী সমাধান প্রত্যাশা করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আরিফ পাটওয়ারী বলেন, সংশ্লিষ্ট জমি তার বাবার ক্রয়কৃত সম্পত্তি। কারও জমি দখল করা হয়নি বলে দাবি করে তিনি জানান, বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। আদালত কাগজপত্র পর্যালোচনা করে যে সিদ্ধান্ত দেবেন, তারা তা মেনে নেবেন।

এদিকে, অভিযোগের তদন্ত কর্মকর্তা ফরিদগঞ্জ থানার এএসআই এম এম আনোয়ার জাহিদ জানান, আদালতের অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *