উদ্যোক্তা হলে বৈধভাবেই বড় হওয়া সম্ভব: ড. আলী আফজাল

উদ্যোক্তা হলে বৈধভাবেই বড় হওয়া সম্ভব: ড. আলী আফজাল

জাতীয় সংবাদ প্রধান সংবাদ

মাহমুদুর রহমান,ঢাকা থেকে : ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক লোকবক্তৃতায় কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও রিহ্যাবের চেয়ারম্যান ড. আলী আফজাল বলেছেন, অর্থ নয়; মানুষের বড় হওয়ার মূল শক্তি হলো চেষ্টা, সততা ও উদ্যোক্তা মানসিকতা। তিনি বলেন, বৈধভাবে ব্যবসা গড়ে তুলেও বড় সাফল্য অর্জন করা সম্ভব। একজন উদ্যোক্তা শুধু নিজের কর্মসংস্থানই নয়, অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারেন।

মঙ্গলবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে ইন্ডাস্ট্রিয়াল ইনোভেশন সেন্টার (আইআইসি) আয়োজিত ‘উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক ডিআইইউ ইন্ডাস্ট্রি-একাডেমিয়া বক্তৃতামালা’র ১৭তম পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল। এছাড়া বক্তব্য দেন আইআইসির পরিচালক অধ্যাপক ড. মো. বেলাল হোসেন এবং ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগের প্রধান মো. কামরুজ্জামান।

ড. আলী আফজাল বলেন, মাত্র ৩০ হাজার টাকা মূলধন নিয়ে যাত্রা শুরু করা কৃষিবিদ গ্রুপ বর্তমানে প্রায় ১২ হাজার কোটি টাকার উদ্ভাবন ও অগ্রগতির এক শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। কৃষি ও শিল্প খাতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এবং নতুন কর্মসংস্থান ও অর্থনৈতিক সম্ভাবনা তৈরিতে ভূমিকা রাখছে।

নিজের উদ্যোক্তা জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, ২০০১ সালে কৃষিখাতকে সমন্বিত করার লক্ষ্য নিয়ে ‘কৃষিবিদ গ্রুপ বাংলাদেশ’-এর যাত্রা শুরু হয়। বর্তমানে প্রতিষ্ঠানটির অধীনে ৩৬টি অঙ্গপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। এছাড়া তাদের গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) দল ৬৬টি আধুনিক ফসলের জাত উদ্ভাবন করেছে, যা দেশের টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

তিনি বলেন, এই সাফল্যের পথ সহজ ছিল না। দীর্ঘ পরিশ্রম, দৃঢ় ইচ্ছাশক্তি ও অধ্যবসায়ের মাধ্যমে প্রতিটি ধাপ অতিক্রম করতে হয়েছে। তরুণদের উদ্দেশে তিনি বলেন, নিজের মেধা, পরিশ্রম ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে পারলেই সফল হওয়া সম্ভব।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে ড. আলী আফজাল বলেন, তথ্যপ্রযুক্তির যুগে বিশ্বমানের জ্ঞান এখন হাতের নাগালে। ঘরে বসেই অক্সফোর্ড, হার্ভার্ড কিংবা কেমব্রিজের বই পড়ার সুযোগ রয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে নিজেকে দক্ষ করে তুলতে হবে।

তিনি আরও বলেন, উদ্যোক্তা হতে হলে প্রবল ইচ্ছাশক্তি ও ঝুঁকি নেওয়ার সাহস থাকতে হবে। ব্যর্থতার ভয় পেলে কখনো সফলতা অর্জন সম্ভব নয়। একই সঙ্গে তিনি সফল উদ্যোক্তা হওয়ার জন্য তিনটি বিষয়কে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন—কথা দিয়ে কথা রাখা, সততা বজায় রাখা এবং মানুষকে সম্মান করা।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল বলেন, বাংলাদেশ সম্ভাবনাময় একটি দেশ। দেশের সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগানো গেলে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হতে সক্ষম হবে। তিনি বলেন, বিশ্বের উন্নত দেশগুলোর বিশ্ববিদ্যালয়ে সফল উদ্যোক্তাদের সম্পৃক্ত করার সংস্কৃতি রয়েছে, যা দেশে গড়ে তুলতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কাজ করছে।

তিনি আরও বলেন, শিল্পখাতের প্রয়োজন অনুযায়ী দক্ষ মানবসম্পদ তৈরিতে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ প্রয়োজন। সেই লক্ষ্যেই ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লেকচার সিরিজ নিয়মিত আয়োজন করছে।

অনুষ্ঠানে কৃষিবিদ গ্রুপ বাংলাদেশ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রিয়েল এস্টেট, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি এবং নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের মধ্যে তিনটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে যৌথ গবেষণা, বাস্তবভিত্তিক শিক্ষা, শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, শিল্প-সংযুক্ত প্রকল্প এবং গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *