হাসপাতালের সামনে বাজার ও নির্মাণসামগ্রী, ভোগান্তিতে রোগীরা

হাসপাতালের সামনে বাজার ও নির্মাণসামগ্রী, ভোগান্তিতে রোগীরা

উপজেলা সংবাদ শাহরাস্তি উপজেলা স্লাইড

শাহরাস্তি প্রতিনিধি : শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান প্রবেশপথ ও সামনের ফুটপাত দখল করে দীর্ঘদিন ধরে বসছে ভ্রাম্যমাণ বাজার, চায়ের দোকান ও কাপড়ের দোকান। এর সঙ্গে হাসপাতালের সামনে নির্মাণাধীন ভবনের ইট, বালু ও অন্যান্য নির্মাণসামগ্রী সড়কের ওপর রাখায় রোগী, স্বজন ও পথচারীদের চলাচল ব্যাহত হচ্ছে। জরুরি সময়ে অ্যাম্বুলেন্স ও রোগীবাহী যানবাহন প্রবেশেও বাধার সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

সরেজমিনে দেখা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকসংলগ্ন ফুটপাতজুড়ে সবজি, মাছ, ফলমূলসহ বিভিন্ন পণ্যের দোকান বসেছে। পাশাপাশি ফুটপাতের জায়গা দখল করে রয়েছে চায়ের ও কাপড়ের দোকান। দোকানিরা সড়কের একাংশ পর্যন্ত পণ্য সাজিয়ে রাখায় পথচারীদের চলাচলের জায়গা অনেকটাই সংকুচিত হয়ে পড়েছে।

এদিকে হাসপাতালের সামনেই নির্মাণাধীন একটি ভবনের ইট, বালু ও অন্যান্য সামগ্রী সড়কের ওপর স্তূপ করে রাখা হয়েছে। ফলে ফুটপাত ও সড়ক—দুই পথই সরু হয়ে পড়েছে। বাজারের ভিড় এবং নির্মাণসামগ্রীর কারণে রোগী বহনকারী অ্যাম্বুলেন্সসহ অন্যান্য যানবাহনের চলাচলও কঠিন হয়ে উঠেছে।

স্থানীয় বাসিন্দা ও হাসপাতালে আসা একাধিক রোগীর স্বজনের অভিযোগ, বাজারের কারণে অনেক সময় যানবাহন হাসপাতালের ভেতরে প্রবেশ করতে পারে না। তখন রোগীকে দূর থেকে হেঁটে কিংবা কোলে করে নিয়ে আসতে হয়। প্রসূতি মা ও অসুস্থ বয়স্ক রোগীদের ক্ষেত্রে এই ভোগান্তি আরও বেশি হয়। মূল ফটকের সামনের সড়ক দখল থাকায় অ্যাম্বুলেন্সও নির্ধারিত সময়ে হাসপাতালে পৌঁছাতে পারে না বলে তারা জানান।

হাসপাতাল সংশ্লিষ্টদের ভাষ্য, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনকে একাধিকবার মৌখিকভাবে জানানো হয়েছে। তবে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে ধীরে ধীরে দখলের পরিধি বাড়ছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ শাকিল বলেন, “আমরা উপজেলার মাসিক সমন্বয় সভায় বিষয়টি অবগত করেছি। তবে জনবলের অভাবে আমরা হাসপাতালের ভিতরে ঠিক মতো সেবা প্রদান করতে পারি না। এছাড়া আনসার বাহিনী হাসপাতালে দেওয়া হলেও তা অপর্যাপ্ত। আশানুরূপ কোনো ফলাফল আমরা পাচ্ছি না।”

সংশ্লিষ্টদের মতে, হাসপাতালের প্রবেশপথ ও সামনের সড়ক জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য সবসময় উন্মুক্ত ও নিরাপদ থাকা প্রয়োজন। কিন্তু দখল ও নির্মাণসামগ্রী রাখার কারণে বর্তমানে সেই পরিবেশ ব্যাহত হচ্ছে।

এ অবস্থায় স্থানীয়রা দ্রুত উচ্ছেদ অভিযান চালিয়ে হাসপাতালের সামনের ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে যাতে পুনরায় দখল না হয়, সে জন্য নিয়মিত তদারকি ও স্থায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

সমস্যাটি প্রশাসনের নজরে থাকার পরও জনবল ও নিরাপত্তা-সংকটের কারণে কার্যকর সমাধান না হওয়ায় দ্রুত উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ চান এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *