হাজীগঞ্জে সাংবাদিককে মারধরের ঘটনায় চাঁদপুর প্রেস ক্লাবের তীব্র নিন্দা

হাজীগঞ্জে সাংবাদিককে মারধরের ঘটনায় চাঁদপুর প্রেস ক্লাবের তীব্র নিন্দা

উপজেলা সংবাদ প্রধান সংবাদ ১ হাজীগঞ্জ উপজেলা

স্টাফ রিপোর্টার : হাজীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক ত্রিনদী পত্রিকার সম্পাদক-প্রকাশক সাংবাদিক মহিউদ্দিন আল আজাদকে তুলে নিয়ে মারধর ও আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চাঁদপুর প্রেস ক্লাব। মঙ্গলবার (১৬ জুন, ২০২৬) এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানায়।

চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ পৃথক বিবৃতিতে বলেন, সাংবাদিক মহিউদ্দিন আল আজাদকে হাজীগঞ্জ প্রেস ক্লাব থেকে তুলে নিয়ে মারধর করা হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক ঘটনা। তারা বলেন, এ ধরনের হামলা শুধু একজন সাংবাদিকের ওপর নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতার ওপরও আঘাত।

বিবৃতিতে আরও বলা হয়, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা ও সম্মান রক্ষায় সরকারের কার্যকর ভূমিকারও দাবি জানানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সাংবাদিক মহিউদ্দিন আল আজাদ সম্প্রতি হাজীগঞ্জ বাজারের মাতৃমায়া আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ করেন। ওই সংবাদ প্রকাশের জেরে মঙ্গলবার (১৬ জুন) দুপুরে তিনি হামলার শিকার হন।

অভিযোগ রয়েছে, হাজীগঞ্জ বাজারস্থ মাতৃমায়া আবাসিক হোটেলের মালিক মো. ফারুক হোসেন লিটনের নেতৃত্বে স্থানীয় কিছু সন্ত্রাসী তাকে প্রেস ক্লাব এলাকা থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করে আহত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *