হাইমচর প্রতিনিধি : হাইমচর উপজেলায় গ্রামীণ পরিবেশ, জনস্বাস্থ্য এবং টেকসই পয়ঃবর্জ্য ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা জোরদারের লক্ষ্যে ওয়ার্ড পর্যায়ের বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে দিনব্যাপী সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে সমন্বিত গ্রামীণ বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি বিষয়ক পাইলট কার্যক্রমের আওতায় এ আয়োজন করা হয়। প্রকল্পটি বিশ্বব্যাংকের Rural WASH for HCD কর্মসূচির সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।
উপজেলা সহকারী প্রকৌশলী মোহাম্মদ নূর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়।
কর্মশালায় উত্তর আলগী দুর্গাপুর ইউনিয়নের ২, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের পয়ঃবর্জ্য ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সদস্যরা অংশ নেন। এছাড়া ইউনিয়ন পরিষদের সদস্য, সংরক্ষিত নারী সদস্য, স্থানীয় স্বেচ্ছাসেবক, বাজার প্রতিনিধি এবং স্যানিটেশন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও অমিত রায় বলেন, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত গ্রাম গড়ে তুলতে পয়ঃবর্জ্য ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কমিটিগুলোর সমন্বিত উদ্যোগ ছাড়া সরকারি কার্যক্রমের সফল বাস্তবায়ন সম্ভব নয়। এ সময় তিনি জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত তদারকি এবং জনসম্পৃক্ততা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের নিরাপদ পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা (FSM), কঠিন বর্জ্য ব্যবস্থাপনা (SWM), বর্জ্য পৃথকীকরণ, স্বাস্থ্যবিধি, পরিবেশ সংরক্ষণ এবং কমিটির দায়িত্ব ও কার্যপরিধি সম্পর্কে ধারণা দেওয়া হয়। বাস্তব উদাহরণ ও অংশগ্রহণমূলক আলোচনার মাধ্যমে বিষয়গুলো উপস্থাপন করেন প্রশিক্ষকরা।
কর্মশালায় টিম লিডার ইমাম মাহমুদ রিয়াদ, সমন্বয়কারী মো. মতিউর রহমান, ইউনিয়ন ফেসিলিটেটর মো. জাহাঙ্গীর আলমসহ ইউনিয়ন পরিষদের সদস্য এবং উত্তর আলগী ইউনিয়নের ২, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

