আনিস আহমেদ রাসেল : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মো. অরুণ ভুঁইঁয়া (৫০)কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. রেজাউল করিম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত মো. অরুণ ভুঁইঁয়া মতলব উত্তর উপজেলার গজরা ভুঁইয়া বাড়ির মৃত আব্দুল কাদির ভুঁইয়ার ছেলে।
মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ৯ জুলাই সকাল-দুপুরের দিকে ওই শিশু তার আপন ভাইয়ের সঙ্গে বাড়ির পাশের একটি জমিতে বীজ পাহারা দিতে যায়। পরে শিশুটির ভাই খাবার খেতে গেলে তাকে একা পেয়ে অভিযুক্ত অরুণ ভুঁইঁয়া যৌন নির্যাতন করেন।
ঘটনার পর শিশুটি রক্তাক্ত অবস্থায় তার দাদিকে বিষয়টি জানায়। সে সময় চিকিৎসার জন্য শিশুটির বাবা-মা ঢাকায় অবস্থান করছিলেন। পরে তারা বাড়ি ফিরে ১৪ জুলাই মতলব উত্তর থানায় মামলা দায়ের করেন।
মামলাটির তদন্ত করেন তৎকালীন মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোবারক আলী। তিনি ১৫ জুলাই আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেন এবং তদন্ত শেষে একই বছরের ২০ অক্টোবর আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন।
রাষ্ট্রপক্ষের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শিরিন সুলতানা মুক্তা জানান, বিচার চলাকালে আদালত ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন। সাক্ষ্য-প্রমাণ, মামলার নথিপত্র এবং আসামির অপরাধ স্বীকারোক্তি পর্যালোচনা করে আদালত এ রায় প্রদান করেন।
আসামিপক্ষে আদালতে শুনানি পরিচালনা করেন অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রধান।

