বেরকীতে মাদক ও ইভটিজিংবিরোধী ডে-নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট

বেরকীতে মাদক ও ইভটিজিংবিরোধী ডে-নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট

উপজেলা সংবাদ প্রধান সংবাদ ১ শাহরাস্তি উপজেলা

সজল পাল : শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরকী গ্রামে যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাদক ও ইভটিজিংবিরোধী ডে-নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট–২০২৬ সম্পন্ন হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় আমতলী বাজারসংলগ্ন মাঠে টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক, সৌদি আরব প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও শাহরাস্তি উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক ফখরুল ইসলাম বিলাস। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ফখরুল ইসলাম বিলাস বলেন, যুবসমাজ দেশের ভবিষ্যৎ। মাদক ও ইভটিজিংয়ের মতো সামাজিক ব্যাধি থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিয়মিত খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করার পাশাপাশি তাদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে। এ ধরনের আয়োজন অব্যাহত রাখার জন্য তিনি আয়োজকদের আহ্বান জানান।

প্রধান মেহমানের বক্তব্যে ওসি মীর মাহবুবুর রহমান বলেন, মাদক ও ইভটিজিং প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। তরুণদের খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করা গেলে অপরাধপ্রবণতা অনেকাংশে কমানো সম্ভব। এ বিষয়ে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও স্থানীয় যুবসমাজকে পুলিশের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হেমায়েতুল ইসলাম সুমন, ইউনিয়ন যুবদলের সভাপতি মাহবুব আলম, ভোলদিঘী কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া ও মাহবুব আলম পরান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম দিদার এবং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিব ইব্রাহিম।

এ ছাড়া বিএনপি নেতা আরব আলী মানিক, জসিম উদ্দিন চৌধুরী, মঞ্জুর হোসেন রতন, সাইফুল ইসলাম চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আয়োজকদের ভাষ্য, তরুণ ও যুবসমাজকে মাদক, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং খেলাধুলার প্রতি তাদের আগ্রহ বাড়াতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টকে কেন্দ্র করে স্থানীয় যুবসমাজ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

পরে অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *