নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরে অসুস্থ বাবা-মাকে ভরণপোষণ না দেওয়া, গালমন্দ, মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক নারী। মামলাটি আমলে নিয়ে ছেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং পুত্রবধূর বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে মামলার প্রথম নির্ধারিত তারিখে চাঁদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান এ আদেশ দেন।
এর আগে গত ২ সেপ্টেম্বর আদালতে মামলাটি দায়ের করেন আমেনা বেগম (৫৫)। তিনি চাঁদপুর শহরের ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা আব্দুর রহমান খানের স্ত্রী। মামলায় তাঁর ছেলে আবদুল্লাহ আল নোমান (৩৫) ও পুত্রবধূ সুমি বেগমকে (২৭) আসামি করা হয়েছে।
মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী মো. আব্দুর রাহীম (রুবেল)। তিনি জানান, মামলার প্রধান আসামি পলাতক রয়েছেন। অন্যদিকে, আসামি নোমানের স্ত্রী সুমি বেগমকে গ্রেপ্তার করা হয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, আবদুল্লাহ আল নোমান মাদকাসক্ত। তাঁর বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মাদক, চুরি ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা চলমান রয়েছে বলেও অভিযোগে বলা হয়েছে।
এজাহার অনুযায়ী, আমেনা বেগম ও তাঁর স্বামী আব্দুর রহমান দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত। শারীরিক অসুস্থতার কারণে তাঁরা দুর্বল অবস্থায় থাকলেও ছেলে নোমান ও পুত্রবধূ সুমি তাঁদের ভরণপোষণের দায়িত্ব পালন করেননি বলে অভিযোগ করা হয়েছে।
বরং তাঁদের নিয়মিত গালমন্দ ও মারধর করা হতো বলে মামলায় উল্লেখ করেছেন বাদী। নির্যাতনের কারণে নিজ বাড়িতেও স্বাভাবিকভাবে বসবাস করতে পারছিলেন না তাঁরা। এ অবস্থায় প্রতিকার চেয়ে আদালতের আশ্রয় নেন আমেনা বেগম।
আদালত মামলাটি আমলে নিয়ে আদেশ দেওয়ার পর পুলিশ বাদী ও তাঁর স্বামীকে শহরের ব্যাংক কলোনিতে তাঁদের নিজ বাড়ির বসবাসের ঘর বুঝিয়ে দেয়।

