নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, ঝোপঝাড় কেটে ফেলা এবং পানি জমে থাকে এমন পরিত্যক্ত জিনিসপত্র অপসারণের আহ্বান জানিয়েছেন চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দীন। একই সঙ্গে মাদক ও ধূমপানমুক্ত সমাজ গঠনে সামাজিক সচেতনতা বাড়ানো এবং সন্তানদের চলাফেরার বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে ডেঙ্গু প্রতিরোধ, ধূমপান ও মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টায় চাঁদপুরের আশিকাটি যুব ভবনে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব প্রশিক্ষণ কেন্দ্র, চাঁদপুরের কো-অর্ডিনেটর মোহাম্মদ কফিল উদ্দিন এবং যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক ফখরুল ইসলাম।
সিভিল সার্জন বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা জরুরি। ঝোপঝাড় পরিষ্কার করতে হবে এবং যেসব জিনিসে পানি জমে থাকতে পারে, সেগুলো অপসারণ করতে হবে। এসব উদ্যোগের মাধ্যমে ডেঙ্গুর প্রকোপ কমানো সম্ভব।
ধূমপানের ক্ষতিকর দিক তুলে ধরে তিনি বলেন, ধূমপানের কারণে ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগ হতে পারে। তাই ধূমপান ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সচেতন হতে হবে।
মাদক প্রতিরোধে অভিভাবকদের দায়িত্বের ওপর গুরুত্ব দিয়ে তিনি আরও বলেন, সন্তানরা কোথায় যাচ্ছে এবং কার সঙ্গে মেলামেশা করছে, সেদিকে অভিভাবকদের খেয়াল রাখতে হবে। সন্তানদের প্রতি যথাযথ নজরদারি ও সচেতনতার মাধ্যমে তাদের মাদকাসক্তি থেকে দূরে রাখা সম্ভব।

