ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

উপজেলা সংবাদ চাঁদপুর সদর প্রধান সংবাদ

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে সম্পত্তিগত বিরোধের জেরে ছোট ভাই ও তাঁর স্ত্রীর মারধরে দৃষ্টি প্রতিবন্ধী বড় ভাই শাহজাহান পাটোয়ারীর (৬০) মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় নিজগাছতলা গ্রামের ইচুলী সড়কের উত্তর পাশের পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শাহজাহান পাটোয়ারী ওই বাড়ির মৃত বজলুল গণি পাটোয়ারীর ছেলে। তিনি সরকারি প্রতিবন্ধী ভাতাভোগী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে ছোট ভাই শাহ আলম পাটোয়ারীর (৫০) সঙ্গে শাহজাহানের বিরোধ চলছিল। এ বিরোধের জেরে শাহ আলম ও তাঁর স্ত্রী বিভিন্ন সময় বড় ভাইকে মারধর করতেন।

সোমবার সন্ধ্যায়ও তাঁরা দুজন মিলে শাহজাহানকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে তাঁকে বাড়ির পাশের বাঁশের কঞ্চির ঝোপে ফেলে রাখা হয়। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানান স্থানীয়রা।

খবর পেয়ে চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মজিব ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে সেটি থানায় নিয়ে যাওয়া হয়।

স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শাহজাহান দৃষ্টি প্রতিবন্ধী ছিলেন এবং সরকারি ভাতা পেতেন। দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে তাঁদের বিরোধ মীমাংসার উদ্যোগও নেওয়া হয়েছিল। মরদেহ থানায় রয়েছে বলে স্থানীয়দের মাধ্যমে তিনি জানতে পেরেছেন।

চাঁদপুর সদর মডেল থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক মো. ফেরদৌস হোসেন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *