ফরিদগঞ্জে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ
মো. শাখাওয়াত হোসেন মিন্টু : ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নে মাদকবিরোধী র্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বিকেলে গল্লাক বাজারে ফরিদগঞ্জ থানা পুলিশের আয়োজনে র্যালি শেষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ। তিনি বলেন, শুধু পুলিশের পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সমাজের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে।
তিনি আরও বলেন, সচেতনতার শুরু হতে হবে পরিবার থেকে। আশপাশে কেউ মাদক সেবনে জড়িত থাকলে তাকে বুঝিয়ে স্বাভাবিক জীবনে ফেরানোর চেষ্টা করতে হবে। এতে কাজ না হলে সম্মিলিতভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বিষয়টি জানাতে হবে। একই সঙ্গে মাদক বিক্রেতাদের আইনের আওতায় আনতে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এরশাদ উল্যাহ মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িতদের সতর্ক করে বলেন, যারা মাদকাসক্ত, তারা পুলিশের সঙ্গে যোগাযোগ করলে স্বাভাবিক জীবনে ফিরে আসতে সহযোগিতা করা হবে।
তিনি বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে ফরিদগঞ্জ থানা পুলিশ বদ্ধপরিকর। এ কাজে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
ইউনিয়ন কমিউনিটি পুলিশের সভাপতি মনির হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে এবং হেলাল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন গল্লাক বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ইমাম হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, স্থানীয় বাসিন্দা আজাদ পাটওয়ারী, রেদওয়ান হোসেন রানা ও ফয়েজ মিজিসহ অন্যরা।

