বাগাদিতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

বাগাদিতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

উপজেলা সংবাদ চাঁদপুর সদর স্লাইড

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার বাগাদি এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মো. জোহা (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার সঙ্গে থাকা মো. সাজ্জিল (২০), যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (৩১ মে) দুপুর দেড়টার দিকে চাঁদপুর-রায়পুর আঞ্চলিক সড়কের ইসলামপুর গাছতলা বাদামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. জোহা ইসলামপুর গাছতলা পাঠান বাড়ির সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী পাঠানের বাগিনা। তার বাবা মিরাজ সালেহ উদ্দিন তছলিমের বাড়ি শাহরাস্তি উপজেলায় হলেও শৈশব থেকেই তিনি মায়ের সঙ্গে নানাবাড়িতে বসবাস করতেন। চলতি বছর তিনি চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। দুই ভাই-বোনের মধ্যে জোহা ছিলেন সবার ছোট।

অপরদিকে আহত মো. সাজ্জিল একই এলাকার পাটওয়ারী বাড়ির আবু তাহের পাটওয়ারীর ছেলে। দুর্ঘটনার পর তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জোহা ও তার বন্ধু সাজ্জিল মোটরসাইকেলে করে বাড়ি থেকে বের হয়ে ফরিদগঞ্জ সড়কের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জোহাকে মৃত ঘোষণা করেন। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসিবুল হাসান জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছিল।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নিহতের মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। একই সঙ্গে দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তদন্ত ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

উল্লেখ্য, চাঁদপুর-রায়পুর সড়কে ভারী যানবাহনের বেপরোয়া চলাচল ও সড়ক নিরাপত্তা নিয়ে স্থানীয়দের উদ্বেগ দীর্ঘদিনের। সাম্প্রতিক সময়ে এ সড়কে একাধিক দুর্ঘটনার ঘটনাও ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *