ফরিদগঞ্জে হঠাৎ মাছের মড়ক, ৪০ লাখ টাকা ক্ষতির আশঙ্কা

উপজেলা সংবাদ প্রধান সংবাদ ফরিদগঞ্জ উপজেলা

ফরিদগঞ্জে হঠাৎ মাছের মড়ক, ৪০ লাখ টাকা ক্ষতির আশঙ্কা

মোঃ শাখাওয়াত হোসেন মিন্টু : চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার কেরোয়া গ্রামের উত্তর কেরোয়া উত্তরের নামারচরে হঠাৎ মাছের মড়ক দেখা দিয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সকালে কয়েক ঘণ্টার মধ্যে চরের প্রায় সব মাছ মারা যায়। এতে মৎস্যচাষি হানিফ ভূঁইয়া প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন বলে জানিয়েছেন।

মাছ মরার খবর ছড়িয়ে পড়ার পর সকাল থেকে দুপুর পর্যন্ত চরে মানুষের ভিড় বাড়তে থাকে। স্থানীয়দের ভাষ্য, মাছ ধরতে সেখানে প্রায় চার থেকে পাঁচশ মানুষ জড়ো হন।

সরেজমিনে দেখা যায়, চরের পানিতে তেলাপিয়া, রুই, কাতল ও মৃগেলসহ বিভিন্ন প্রজাতির বিপুলসংখ্যক মৃত মাছ ভেসে রয়েছে। মাছ পচে যাওয়ায় এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা শামীম হোসেন ও সুলতান মাহমুদ টিপু জানান, সকালে তারা হানিফ ভূঁইয়ার চরে মাছ মারা যাওয়ার খবর পান। পরে ঘটনাস্থলে গিয়ে পানিতে অসংখ্য মাছ ভাসতে দেখেন। খবর পেয়ে স্থানীয় চার থেকে পাঁচশ মানুষ সেখানে মাছ ধরতে আসেন।

তারা বলেন, আকস্মিকভাবে মাছ মারা যাওয়ায় মৎস্যচাষি হানিফ ভূঁইয়া বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। ক্ষতিগ্রস্ত চাষির পাশে দাঁড়াতে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

মৎস্যচাষি হানিফ ভূঁইয়া বলেন, সকালে হঠাৎ মাছ মারা শুরু হয়। কয়েক ঘণ্টার মধ্যেই চরের প্রায় সব মাছ মারা গেছে। এতে তার আনুমানিক ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন, ‘আমি এখন একেবারে সর্বহারা।’

এ বিষয়ে মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, বৃষ্টি ও গরম আবহাওয়ার মধ্যে মাছকে খাবার দেওয়ার কারণে পানিতে অক্সিজেন সংকট তৈরি হয়ে মাছ মারা যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

তিনি আরও বলেন, মৎস্যচাষির সঙ্গে কথা হয়েছে। আগামীকাল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সরেজমিনে দেখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *